চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করলেন মাইকেল হাসি। সিএসকের প্রাক্তন ক্রিকেটার দীর্ঘদিন মহেন্দ্র সিংহ ধোনিদের ব্যাটিং কোচ ছিলেন। স্টিফেন ফ্লেমিং কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল, সরে যেতে পারেন হাসি। শেষ পর্যন্ত সেই জল্পনায় সিলমোহর পড়ল।
একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আগামী আইপিএলের পরিকল্পনায় হাসিকে রাখছেন না চেন্নাই কর্তৃপক্ষ। জাহির খান কোচ হওয়ার পর তিনি নিজের মতো সব সাজাতে চাইছেন। সে কারণেই ২০১৮ থেকে ব্যাটিং কোচ হিসেবে কাজ করা হাসিকে আর রাখছে না চেন্নাই। সিএসকে সূত্রে খবর, দু’পক্ষের সহমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। নতুন ব্যাটিং কোচের নাম অবশ্য ঘোষণা করেননি চেন্নাই কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগেই চেন্নাই বোলিং কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে এরিক সিমন্সকে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে মোহিত শর্মাকে। ক্রিকেট ওয়েবসাইটটির দাবি, ফিল্ডিং কোচ জেমস ফস্টারের ভবিষ্যৎও অনিশ্চিত। তাঁকেও ২০২৭ সালের আইপিএলে চেন্নাই শিবিরে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন:
চেন্নাইয়ের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়েছেন ফ্লেমিং। তিনি জো রুটদের লাল বলের ক্রিকেটে হাসিকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সেই প্রস্তাব গ্রহণ করেননি। তিনি বেছে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাব। অস্ট্রেলিয়ার টেস্ট দলের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। তাঁকে সব সময় দলের সঙ্গে থাকতে হবে না। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই অস্থায়ী দায়িত্ব বেছে নিয়েছেন তিনি। তবে গত ‘দ্যা হান্ড্রেড’-এ ওয়েলস ফায়ারের কোচ ছিলেন হাসি।