Advertisement
E-Paper

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ়, আমেরিকা সফরে যাবে ভারতীয় দল, সাদা বলের দু’টি সিরিজ় খেলবেন শুভমন-শ্রেয়সেরা

আগামী বছর ১৭ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের। ইংল্যান্ড থেকে সরাসরি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছোবেন শুভমন গিলেরা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১৮:২৬
Picture of Cricket

(বাঁ দিকে) শুভমন গিল এবং শ্রেয়স আয়ার (ডান দিকে)। — ফাইল চিত্র।

আগামী বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে সাদা বলের দু’টি সিরিজ় খেলবে ভারত। তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দেশ। সোমবার এই সিরিজ়ের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় (সিডব্লুইআই)।

আগামী বছর ১৭ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের। ইংল্যান্ড থেকে সরাসরি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছোবেন শুভমন গিলেরা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ হবে ২২ জুলাই, ২৪ জুলাই এবং ২৭ জুলাই। তিনটি এক দিনের ম্যাচই হবে পোর্ট অফ স্পেনের কুইনস পার্ক ওভালে। ২৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে পোর্ট অফ স্পেনের ব্রায়ান লারা স্টেডিয়ামে। পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে ১ এবং ২ অগস্ট। এই ম্যাচগুলি হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দু’দল যাবে আমেরিকায়। ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ দু’টি হবে ৬ এবং ৭ অগস্ট। উল্লেখ্য, এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ় সাদা বলের সিরিজ় খেলতে ভারত সফরে এসেছে। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। শুভমন গিলেরা ২-১ ব্যবধানে এক দিনের সিরিজ়ে হারিয়েছেন সাই হোপদের।

এক দিনের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে। টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে। আগামী বছর অক্টোবরে রয়েছে এক দিনের বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ় সফরে এক দিনের ম্যাচের তুলনায় টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি হওয়ায় প্রশ্ন উঠেছে।

India Vs West Indies ODI T20I BCCI Shubman Gill Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy