Advertisement
E-Paper

ক্যাচের হাফ সেঞ্চুরি! দেশের হয়ে টি-টোয়েন্টিতে নজির গড়ে রোহিত-কোহলিদের ক্লাবে ঢুকলেন তিলক

ইনদওরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ক্যাচ ধরেছেন তিলক। এই দুই ক্যাচ ধরার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ সেঞ্চুরি হয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৫:৫৭
cricket

তিলক বর্মা। —ফাইল চিত্র।

গত কয়েক মাসে বার বার ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ক্যাচিং নিয়ে। প্রত্যেক ম্যাচে ক্যাচ পড়েছে। প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়স আয়ারও এতে বিরক্ত। বদল করা হয়েছে ফিল্ডিং কোচ। এই পরিস্থিতিতে গম্ভীরকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছেন তিলক বর্মা। ক্যাচের ক্ষেত্রে নজির গড়েছেন তিনি।

ইনদওরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ক্যাচ ধরেছেন তিলক। প্রথমে নীতীশ রেড্ডির বলে কুয়েন্টিন স্যাম্পসনের ক্যাচ। পরে অর্শদীপ সিংহের বলে কিমো পলের ক্যাচ। এই দুই ক্যাচ ধরার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ সেঞ্চুরি হয়েছে তাঁর।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন তিলক। এই তালিকায় সকলের উপরে রোহিত শর্মা। তিনি ধরেছেন ৬৫টি ক্যাচ। ৬৪টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে হার্দিক পাণ্ড্য। তিন নম্বরে সূর্যকুমার যাদব। তিনি ধরেছেন ৫৮টি ক্যাচ। চার নম্বরে থাকা বিরাট কোহলি ধরেছেন ৫৪টি ক্যাচ। তাঁর পরেই তিলক।

তবে একটি পরিসংখ্যানে সকলকে ছাপিয়ে গিয়েছেন তিলক। তা হল তাঁর ক্যাচ ধরার শতাংশের হিসেব। বাকিদের থেকে অনেক কম ম্যাচে ৫০ ক্যাচ ধরেছেন তিলক। মাত্র ৬৮ ম্যাচে এই কীর্তি করেছেন তিনি। অর্থাৎ, ম্যাচ প্রতি তাঁর ক্যাচ ধরার শতাংশের হিসেব ০.৭৫৭, যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।

বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন তিলক। শীর্ষে সংযুক্ত আরব আমিরশাহির মুহম্মদ ওয়াসিম। ৯৯ ম্যাচে ৭৬ ক্যাচ ধরেছেন তিনি। তাঁর শতাংশ ০.৭৬৭। তবে আমিরশাহি সহযোগী সদস্য দেশের খেলোয়াড়। অর্থাৎ, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ক্যাচের পরিসংখ্যানে শীর্ষে ভারতের তিলক।

India Vs West Indies Team India Tilak Varma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy