Advertisement
E-Paper

অভিষেক, ঈশান, বৈভবের প্রতি অবিচার হচ্ছে, অভিযোগ যুবরাজের! নির্বাচকদের বার্তা প্রাক্তন অলরাউন্ডারের

অভিষেক শর্মা, ঈশান কিশন এবং বৈভব সূর্যবংশী এক দিনের দলে সুযোগ না পাওয়ায় সরাসরি নির্বাচকদের দোষারোপ করেননি যুবরাজ সিংহ। মেনে নিয়েছেন, এই মুহূর্তে জায়গা দেওয়া কঠিন। তবে তিন জনের প্রতিভার কথা মনে করিয়ে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১০:৫৩
Picture of Cricket

(বাঁ দিকে) অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী (ডান দিকে)। ছবি: এক্স।

অভিষেক শর্মা, ঈশান কিশন এবং বৈভব সূর্যবংশীর পাশে যুবরাজ সিংহ। তাঁর অভিযোগ, তিন প্রতিভাবান ব্যাটারের সঙ্গে অবিচার করছেন জাতীয় নির্বাচকেরা। যুবরাজের মতে শুধু টি-টোয়েন্টি নয়, এক দিনের ক্রিকেটেও নিয়মিত সুযোগ পাওয়া উচিত তিন জনের।

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘‘আমি অভিষেককে এক দিনের ক্রিকেটে দেখতে চাই। আগেও বলেছি, অভিষেক, ঈশান, বৈভবদের মতো ক্রিকেটারকে এক দিনের ক্রিকেটে সুযোগ না দিলে, আমরা ওদের প্রতি সুবিচার করব না।’’ প্রাক্তন ক্রিকেটারের মতে, এই তিন ব্যাটারই অত্যন্ত প্রতিভাবান এবং প্রত্যেকের যথাযথ সুযোগ পাওয়া উচিত।

অভিষেক এবং শুভমন গিল দীর্ঘ দিন ধরে যুবরাজের কাছে ব্যাটিং প্রশিক্ষণ নেন। ভারতীয় দলের অন্য ক্রিকেটারেরাও তাঁর পরামর্শ নেন। আগামী আইপিএলে যুবরাজকে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে। পছন্দের তিন ক্রিকেটারের সুযোগ না পাওয়ার জন্য সরাসরি নির্বাচকদের দোষ দিতে চান না যুবরাজ। তাঁর বার্তা, ‘‘বিষয়টা আমি বুঝি। আমাদের দলে কয়েক জন দারুণ খেলোয়াড় রয়েছে। ফলে অভিষেক, ঈশান, বৈভবকে সুযোগ দেওয়া কঠিন। তবে তিন তরুণ যে ভাবে খেলছে, তাতে ওদের খুব তাড়াতাড়ি জায়গা পাওয়া উচিত। আশা করব, ওরা কিছু দিনের মধ্যে এক দিনের দলেও জায়গা পাবে।’’ অভিষেকের ক্রিকেটীয় সাফল্যের কৃতিত্ব নিতে চাননি যুবরাজ। তিনি বলেছেন, ‘‘অভিষেক যা কিছু অর্জন করেছে, সেটা ওর কঠোর পরিশ্রমের ফল। সমস্ত কৃতিত্ব ওরই প্রাপ্য।’’

যুবরাজের বার্তার অর্থ স্পষ্ট। আগামী বছর এক দিনের বিশ্বকাপের পর বিরাট কোহলি, রোহিত শর্মা সম্ভবত অবসর নিয়ে নেবেন। লোকেশ রাহুলকেও আগামী বিশ্বকাপের পর এক দিনের ক্রিকেটের জন্য বিবেচনা নাও করা হতে পারে। এই মুহূর্তে তিন জনই এক দিনের ক্রিকেটে প্রথম একাদশে নিয়মিত সদস্য। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের পর এক দিনের দলে তরুণ ক্রিকেটারেরা সুযোগ পাবেন। তাঁদের খেলার সম্ভাবনাও বাড়বে। যুবরাজ সম্ভবত সে কারণেই অভিষেক, ঈশান এবং বৈভবকে নিয়ে এখন থেকেই জাতীয় নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন।

BCCI ODI Yuvraj Singh Abhishek Sharma Vaibhav Sooryavanshi Ishan Kishan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy