রিল বানানোর নেশায় সন্তানকে ভুললেন দম্পতি। সৈকতে পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে চলল খুদে। কিন্তু, মা-বাবার নজরই গেল না সে দিকে। তাঁরা ক্যামেরা উঁচিয়ে নিজেদের ভিডিয়ো করতেই মশগুল থাকলেন! পাশ থেকে এক তরুণ ছুটে এসে খুদের প্রাণ বাঁচালেন। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন সৈকতে ঘটেছে, তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সৈকতে হাতে সেলফি স্টিক নিয়ে ঘুরছেন এক তরুণ। তিনি সেটি নিয়ে হেঁটে হেঁটে রিল বানাচ্ছেন। তরুণের পিছনে হাঁটছেন তাঁর সঙ্গে থাকা তরুণী। তাঁরা দম্পতি বলেই অনুমান করা হচ্ছে। কারণ, তাঁদের সঙ্গে ছোট একটি শিশুও ছিল। সে সম্ভবত তাঁদেরই সন্তান।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, দম্পতি যখন রিল তৈরি করতে ব্যস্ত, তখনই তাঁদের থেকে কিছুটা পিছিয়ে পড়া বাচ্চাটির উপর আছড়ে পড়ল ঢেউ। সে সেখানেই পড়ে গিয়ে হাবুডুবু খেতে লাগল। জলের স্রোতের সঙ্গে এগিয়ে গেল এক বার, আবার পিছিয়েও এল। অথচ, খুদের এই বিপদ মা-বাবার চোখেই পড়ল না! তাঁরা তখনও ভিডিয়ো করতে ব্যস্ত থাকলেন। শেষমেশ সৈকতে ঘুরে বেড়ানো এক তরুণ এসে শিশুটিকে উদ্ধার করলেন। তার পর যুগলকে ডাকলেন তিনি। তখন তাঁরা রিল তৈরি করা থামিয়ে ফিরে তাকালেন। পুরো ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
‘মারিয়াম_এমবিডি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা যুগলের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখে তীব্র নিন্দা করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মা-বাবার কোনও কাণ্ডজ্ঞান নেই।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাচ্চাটির জন্য খুব খারাপ লাগছে।’’