ভোরবেলা বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন প্রৌঢ়। কিন্তু, সামনেই যে তাঁর জন্য বিপদ অপেক্ষা করছে, তা বুঝতে পারেননি। হঠাৎ শিং উঁচিয়ে তেড়ে এল দৈত্যাকার একটি ষাঁড়। গুঁতো মেরে প্রৌঢ়কে শূন্যে ওড়াল। ছিটকে রাস্তার উপর পড়লেন তিনি। এর পর ষাঁড়টি ফের এগিয়ে গেল প্রৌঢ়ের দিকে। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মধ্যপ্রদেশের মণ্ডলা জেলার বুধওয়াড়ি চকের ইন্দ্র জি ওয়ার্ডে ঘটেছে। ষাঁড়ের গুঁতোয় ওই প্রৌঢ় গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুসারে, তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাঠি হাতে বন্ধুর সঙ্গে হেঁটে যাচ্ছেন প্রৌঢ়। রাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছে একটি ষাঁড়। তার শিঙের আকার দেখলেই ভয় লাগবে! ষাঁড়টিকে পাত্তা না দিয়েই প্রৌঢ় এবং তাঁর বন্ধু সেটির পাশ দিয়ে হেঁটে যেতে লাগলেন। এই সময় ষাঁড়টি হুট করে প্রৌঢ়ের দিকে তেড়ে এল। প্রৌঢ় লাঠি তুলে ষাঁড়টিকে তাড়ানোর চেষ্টা করলেন। তাতেই ঘটল বিপত্তি। ষাঁড়টি শিং দিয়ে গুঁতিয়ে প্রৌঢ়কে হাওয়ায় ওড়াল। প্রৌঢ় রাস্তার উপর পড়ে ছটফট করতে লাগলেন। তার পর ধীরে ধীরে উঠে বসলেন। ষাঁড়টি প্রৌঢ়কে উঠতে দেখে যেন আরও খেপে গেল। এগিয়ে গিয়ে প্রৌঢ়কে ফের গুঁতো মারল। প্রৌঢ় ছিটকে একটি বাড়ির নীচে গিয়ে পড়লেন। ষাঁড়টি সেখানে গিয়ে প্রৌঢ়কে পা দিয়ে আঘাত করতে লাগল। দুই পথচারী এগিয়ে এলেন ষাঁড়টিকে তাড়ানোর জন্য। কিন্তু, সেটি কারও তোয়াক্কা করল না। বাড়িটির বারান্দায় এক তরুণ এসে তিনিও ষাঁড়টিকে তাড়ানোর চেষ্টা করতে লাগলেন। এর পর ষাঁড়টি পথচারীদের দিকে তেড়ে গেল। তাঁরা যে যেদিকে পারলেন দৌড়োলেন প্রাণ বাঁচানোর জন্য। ষাঁড়টিও দৌড়তে দৌড়তে অন্য দিকে চলে গেল। এর পর এক পথচারী গিয়ে প্রৌঢ়কে সেখান থেকে তুলে আনলেন। এই পুরো ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ষাঁড়ের কীর্তি দেখে নেটাগরিকেরা আতঙ্কিত।