প্রতি দিনের মতোই জিমে গিয়েছিলেন শরীরচর্চা করতে। ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন ৪৯ বছর বয়সি প্রৌঢ়। পেশায় তিনি একটি স্কুলের অধ্যক্ষ। স্বাভাবিক ছন্দেই দৌড়োচ্ছিলেন তিনি। হঠাৎ ধপ করে নীচে পড়ে গেলেন। অচৈতন্য হয়ে গেলেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হল। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি রাজস্থানের সরদারশাহরে ঘটেছে। প্রৌঢ় ট্রেডমিল থেকে পড়ে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা সকলে মিলে তাঁকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনই সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটির তদন্ত চলছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমে মানুষের ভিড়। কেউ আয়নার সামনে দাঁড়িয়ে ব্যায়াম করছেন, কেউ ট্রেডমিলে দৌড়োচ্ছেন। পাশাপাশি রাখা দুই ট্রেডমিলে রয়েছেন দুই প্রৌঢ়। এক জন বেশ ঢিমে তালে হেঁটে চললেও, অপর জন রীতিমতো দৌড়োচ্ছেন। হঠাৎ সেই প্রৌঢ় নিজের গতি কমালেন। তার পর হুট করে মেঝের উপর লুটিয়ে পড়লেন। জ্ঞান হারালেন সঙ্গে সঙ্গে। পাশেই দাঁড়িয়ে ছিলেন এক তরুণ। তিনি প্রৌঢ়কে মেঝে থেকে তুললেন। আশপাশ থেকে অন্যরাও ছুটে এলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে তিন লক্ষেরও বেশি বার দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। প্রৌঢ়ের মৃত্যুর খবর নেটাগরিকদের মনে দুঃখ দিয়েছে।