গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় বাড়ির দোরগোড়ায় তাতে আগুন ধরে গেল। মঙ্গলবার বেঙ্গালুরুর মল্লেশ্বরম এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বাড়ির দরজার সামনে রাখা প্রদীপ থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাটি মল্লেশ্বরম থানা এলাকার। একটি গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে যাওয়ার সময় গ্রাহকের বাড়ির সামনে হঠাৎই তাতে আগুন ধরে যায়। ডেলিভারি কর্মী যখন সিলিন্ডারটি নামিয়ে বাড়ির প্রবেশপথের কাছে রাখছিলেন, তখনই এই বিপত্তি ঘটে। সিলিন্ডারটি পৌঁছে দেওয়ার সময় তাতে ছিদ্র থাকায় গ্যাস বের হতে শুরু করে এবং বাড়ির বাইরে জ্বলতে থাকা একটি প্রদীপের সংস্পর্শে আসায় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে দূরে সরে যাওয়ায়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন সিলিন্ডারটি বাড়ির দরজার সামনে নিয়ে আসা ডেলিভারি কর্মী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। এ দিকে, ওই ঘটনার খবর পেয়েই মল্লেশ্বরম পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। কর্মকর্তারা জানিয়েছেন, সিলিন্ডারে আগুন লাগায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী ভাবে গ্যাস লিক হল এবং আগুন ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘রমেশ এস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।