Advertisement
E-Paper

আসছে ধনতেরস, মজুরি ছাড়াই সোনা কিনবেন কী ভাবে? জেনে নিন দুর্দান্ত সেই কৌশলের কথা

গয়না তৈরির খরচ বা মজুরি, জিএসটি এবং পুনরায় বিক্রির সময় বিভিন্ন খরচের কারণে, সোনা কেনার ক্ষেত্রে সামগ্রিক মুনাফা কিছুটা কম হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:২৪
All you need to know about hack to buy gold without making charges before Dhanteras

ছবি: সংগৃহীত।

ভারতে আসন্ন ধনতেরাস। ৬ নভেম্বর পালিত হতে যাওয়া ধনতেরাস ভারতে দীপাবলির বর্ণিল উৎসবের সূচনা করে। সোনা এবং রুপো কেনা ওই উৎসবের দীর্ঘদিনের ঐতিহ্য। ওই দিন সোনা কেনার ধুম পড়ে দেশে। সোনা বা রুপোর কয়েন কিংবা পারিবারিক গয়না কেনার মাধ্যমে উৎসবটি উদ্‌যাপন করে ভারতের বহু পরিবার। কিন্তু মজুরি ছাড়াই সোনা কিনবেন কী করে? জেনে নিন দুর্দান্ত সেই কৌশলের কথা।

গয়না তৈরির খরচ বা মজুরি, জিএসটি এবং পুনরায় বিক্রির সময় বিভিন্ন খরচের কারণে, সোনা কেনার ক্ষেত্রে সামগ্রিক মুনাফা কিছুটা কম হতে পারে। সোনা বা গয়না চুরি হওয়ার ঝুঁকি থাকে। তাই সেগুলি নিরাপদে রাখার জন্য ব্যাঙ্কের লকার বা বাড়িতে সিন্দুকের প্রয়োজন হয়। এ ছাড়া সোনা বা রুপোর কয়েন বা বার কিনলে তার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাই বাস্তব ধাতু কেনার ক্ষেত্রে ‘হলমার্ক’ দেখে নেওয়া অত্যন্ত জরুরি।

ফলে সরাসরি হলুদ ধাতু না কিনে, অন্য ভাবে তা কেনার কথা ভাবেন অনেক গ্রাহক। কারণ, বর্তমানের আধুনিক আর্থিক বিকল্প এক জন গ্রাহককে সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি দীর্ঘমেয়াদে সম্পত্তি বৃদ্ধির সুযোগ করে দেয়। ‘এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড’ বা ইটিএফ শেয়ারবাজারে বাস্তব ধাতুর বর্তমান মূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলে। ইটিএফে বিনিয়োগ করলে গয়না তৈরির খরচ, জিএসটি বা সংরক্ষণের দুশ্চিন্তা থাকে না। বরং যে কোনও সময় তাৎক্ষণিক ভাবে তা কেনাবেচারও সুবিধা পাওয়া যায়।

গোল্ড মিউচুয়াল ফান্ড সরাসরি গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করে। এগুলি বিভিন্ন ফান্ড প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যায়। এর জন্য আলাদা কোনও ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। বিনিয়োগকারীরা এতে মাসিক এসআইপি-র মাধ্যমে নিয়মিত বিনিয়োগ করতে পারেন, যা মূল্যবান ধাতু সংগ্রহের প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও সহজ করে তোলে।

ডিজিটাল গোল্ডের মাধ্যমে বিভিন্ন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে খুব সামান্য পরিমাণ অর্থ দিয়েও সোনা কেনা যায়। তবে বিনিয়োগকারীদের মনে রাখা উচিত, ডিজিটাল গোল্ড নিয়ন্ত্রক সংস্থা সেবি বা দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের সরাসরি নিয়ন্ত্রণের আওতাভুক্ত নয়। ফলে সামান্য ঝুঁকি থেকেই যায়।

ইলেকট্রনিক গোল্ড রিসিট বা ইজিআর হল সেবি দ্বারা নিয়ন্ত্রিত এবং শেয়ারবাজারে লেনদেনযোগ্য এক ধরনের আর্থিক উপকরণ। বিনিয়োগকারীরা এগুলি শেয়ারবাজারে সহজে কেনাবেচা করতে পারেন অথবা নির্দিষ্ট শর্ত মেনে বাস্তব সোনা হিসেবেও বুঝে নিতে পারেন। তবে পারিবারিক ঐতিহ্য রক্ষা করা বা আসন্ন বিয়ের অনুষ্ঠানের জন্য সোনা কেনার প্রয়োজন হয়, তবে গয়না বা হলমার্কযুক্ত কয়েন কেনাই সবচেয়ে ভাল। আর যদি উদ্দেশ্য হয় কেবল বিনিয়োগ এবং মূলধন বৃদ্ধি, তবে বাস্তব সোনার মজুত দ্বারা সমর্থিত কাগুজে সোনা সবচেয়ে কার্যকর হতে পারে।

Dhanteras Gold Price ETF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy