Advertisement
E-Paper

জুলাই-সেপ্টেম্বরে নজিরবিহীন আয়, নতুন মডেল বেচে মুনাফার ঝড়! অ্যাপ্‌লকে ‘বড়লোক’ করছে ভারতই

বিশ্ববাজারে আইফোন থেকে অ্যাপ্‌লের আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়ে প্রায় ৫,৭৬০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। বিশ্ব জুড়ে আইফোন বদলে নতুন মডেল কেনার ক্ষেত্রে এ বছর সবচেয়ে বেশি আয় করেছে অ্যাপ্‌ল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৪:২২

ছবি: এআই সহায়তায় তৈরি।

ভারতে ব্যবসাবৃদ্ধির ক্ষেত্রে নজির গড়ল আমেরিকার প্রযুক্তি সংস্থা অ্যাপ্‌ল। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এ দেশে সংস্থার আয় সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। বিশেষ করে ম্যাক কম্পিউটার এবং পরিষেবা ব্যবসা থেকে আয়ের পরিমাণ আগের সমস্ত ত্রৈমাসিকের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। বিশ্ব জুড়ে আইফোন বদলে নতুন মডেল কেনার ক্ষেত্রে এ বছর সবচেয়ে বেশি আয় করেছে অ্যাপ্‌ল। এই সাফল্যে ভারতের বড় ভূমিকা রয়েছে।

সংস্থার সিইও জন টার্নাস জানিয়েছেন, বিশ্ব জুড়েই অ্যাপ্‌লের ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উন্নত এবং সম্ভাবনাময় — উভয় ধরনের বাজারেই সংস্থা রেকর্ড আয় করেছে। তাঁর কথায়, ‘‘বিশ্বের সিংহভাগ বাজারেই অ্যাপ্‌ল উন্নতি করেছে। উন্নত এবং সম্ভাবনাময়, দু’ধরনের বাজারেই আমরা রেকর্ড আয় করেছি। সর্বকালীন নজির তৈরি হয়েছে ভারতে।’’

উন্নত সংস্করণের আইফোন বিক্রির ক্ষেত্রেও ভারত-সহ একাধিক দেশে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সংস্থাটি। বিশ্ববাজারে আইফোন থেকে অ্যাপ্‌লের আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়ে প্রায় ৫,৭৬০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। স্মার্টফোনের বাজারে নানা সংস্থার মধ্যে প্রতিযোগিতা বাড়লেও, অ্যাপ্‌লের দামি আইফোনের চাহিদা এখনও যথেষ্ট বেশি।

অন্য দিকে, ম্যাক কম্পিউটার থেকে আয় বেড়েছে ২৪ শতাংশ। এই খাতে সংস্থার আয় হয়েছে প্রায় ১,০৮০ কোটি ডলার। পাশাপাশি, অ্যাপ্‌লের পরিষেবা ব্যবসা থেকেও আয় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে, ভারতীয় বাজারে অ্যাপ্‌লের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং প্রিমিয়াম প্রযুক্তি পণ্যের চাহিদা সংস্থার ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, চলতি ত্রৈমাসিকে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১৭। অন্য দিকে, ম্যাকবুক নিও বিক্রির ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে অ্যাপ্‌ল। গত বছরের তুলনায় আইফোনের চালান কমলেও, ভারতে এই ত্রৈমাসিকে অ্যাপ্‌লের গড় বিক্রয়মূল্য ১,০০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। সংস্থার ইতিহাসে এটিই সর্বোচ্চ বলে জানা গিয়েছে। অ্যাপ্‌লের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) কেভান পারেখ জানিয়েছেন, বিশ্ব জুড়ে আইফোন ব্যবহারকারীর সংখ্যা সর্বকালীন রেকর্ডে পৌঁছেছে। একইসঙ্গে আমেরিকা, চিন, ভারত-সহ একাধিক গুরুত্বপূর্ণ বাজারে সংস্থার ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

Apple iphone MAC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy