উৎসবের মরসুমে ভেজাল খাবার বিক্রি এড়াতে মহারাষ্ট্রে বড়সড় অভিযান চালাল ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফডিএ। রাজ্য জুড়ে ১৯টি খাদ্য ব্যবসার লাইসেন্স স্থগিত করার পাশাপাশি প্রায় ৯.০১ কোটি টাকার খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। আর এই বিপুল পরিমাণ ভেজাল খাদ্য সরবরাহকারীদের মধ্যে রয়েছে পতঞ্জলি আয়ুর্বেদের এক সুপার ডিস্ট্রিবিউটরও। মুম্বই, অমরাবতী ও ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় নোনতা খাবার, মিষ্টি ও মশলা উৎপাদনকারী ইউনিট-সহ মোট ১৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
লেবেলিংয়ে অনিয়ম ও ভেজাল মেশানোর সন্দেহে ছত্রপতি সম্ভাজিনগরে পতঞ্জলি আয়ুর্বেদের সুপার ডিস্ট্রিবিউটর মেসার্স দিব্য মহাবিতারকের কাছ থেকে ২০.২০ লক্ষ টাকার ২,২৭৯.৭ লিটার পতঞ্জলি গরুর ঘি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। সোমবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এফডিএ জানিয়েছে, এই বিশেষ অভিযান চলাকালীন রাজ্যের সাতটি বিভাগের মোট ১১৪টি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৯.০১ কোটি টাকা মূল্যের প্রায় ৩.৫৩ লক্ষ কেজি খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উৎসবের মরসুমে খাদ্যের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে প্রশাসন। এফডিএ-র এই বিশেষ অভিযানে সাতটি খাদ্যপণ্যের বিভাগে একাধিক অনিয়মের সন্ধান মিলেছে। খাদ্যে ভেজাল, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে এই সংস্থাগুলির বিরুদ্ধে।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। খাবার সংরক্ষণের পদ্ধতিও যথাযথ ছিল না। পাশাপাশি, পোকামাকড় নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মানও বজায় রাখা হয়নি ঠিক মতো। এমনকি সংস্থা চালাতে যে প্রয়োজনীয় নথিপত্রও রাখা হয়নি। খাদ্য সুরক্ষার নির্ধারিত নিয়মও মানা হচ্ছিল না বলে অভিযোগ।এফডিএ জানিয়েছে, এই অভিযানে পতঞ্জলির ডিস্ট্রিবিউটরের পাশাপাশি, ঠাণে জেলার ভিওয়ান্ডিতে অবস্থিত অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড থেকে ১,৪৪,২১৮ কেজি ভোজ্য তেল এবং সাতারায় অবস্থিত আমিন ট্রেডার্স থেকে ২০,৫৬০ কেজি চাল, ডাল, গুড় ও অন্যান্য খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
এফডিএ জানিয়েছে, ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ১৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৯.৪০ লক্ষ টাকার নিষিদ্ধ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এই চার দিনে ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ১৬ জনকে গ্রেফতারর করা হয়েছে বলে এফডিএ সূত্রে খবর। এ ছাড়া, সাতটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছ’টি গাড়িও বাজেয়াপ্ত করেছে প্রশাসন।