Advertisement
E-Paper

বিখ্যাত গাড়ি সংস্থার ৯০% শেয়ার কিনে নিল টাটা মোটরস! পেল বিশ্বের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক গাড়ি নির্মাতার তকমা

ইভেকোর প্রতিরক্ষা ব্যবসা বাদে বাকি অংশটি অধিগ্রহণের লক্ষ্যে টাটা মোটরস ২০২৫ সালের জুলাই মাসে সম্পূর্ণ নগদ অর্থে ক্রয়ের প্রস্তাব দিয়েছিল। গত ৩০ অক্টোবর প্রাথমিক নিষ্পত্তির মাধ্যমে ইভেকোর সাধারণ শেয়ার মূলধনের ৮৯.৪২% (ট্রেজ়ারি শেয়ার বাদে) কিনে নেয় টাটা মোটরস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১০:৪৪
Tata Motors Joins Hand to Assemble Iveco Vehicles, Eyeing Global Markets

ছবি: সংগৃহীত।

জোট বাঁধল টাটা এবং ইভেকো গোষ্ঠী। বিশ্বের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক গাড়ি নির্মাতার তকমা পেয়েছে দুই ব্যবসায়িক গোষ্ঠীর এই জোট। মঙ্গলবার ইটালিতে আনুষ্ঠানিক ভাবে এই উদ্যোগের কথা ঘোষণা করেন দুই গোষ্ঠীর শীর্ষকর্তারা। ঘোষণা করা হয়, উভয় সংস্থাই এখন একটি সম্মিলিত আন্তর্জাতিক ব্যবসায়িক সত্তা হিসেবে কাজ শুরু করল। একে অপরের বাণিজ্যিক যানবাহন পণ্যগুলি নিজ নিজ বাজারে নিয়ে আসার সুযোগ খতিয়ে দেখবে টাটা মোটরস এবং ইভেকো গোষ্ঠী। ভারতে ইভেকো গোষ্ঠীর বেশ কিছু বড় বাণিজ্যিক গাড়িও তৈরি করবে টাটারা। ইভেকোর কিছু নির্দিষ্ট মডেল ‘সেমি নকড ডাউন (এসকেডি)’ পদ্ধতিতে ভারতে আনা হতে পারে। উল্লেখ্য, এসকেডি পদ্ধতিতে একটি পণ্য, মূলত কোনও যানবাহন একটি দেশে উৎপাদিত এবং আংশিক ভাবে তৈরি হয়। এর পর সেটিকে আলাদা করে ফেলা হয় এবং সংযোজনের জন্য অন্য কোনও দেশে পাঠানো হয়।

৩ নভেম্বর ইটালির তুরিনে সংবাদমাধ্যমকে টাটা সন্স ও টাটা মোটরসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, “ইভেকোর এমন কিছু নির্দিষ্ট পণ্য রয়েছে যা ভারতের বাজারের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হতে পারে। আমরা এখন সেগুলি চিহ্নিত করছি। স্বাভাবিক ভাবেই এই সব পণ্যকে ভারতের বাজারের উপযোগী করে তুলতে হবে। এর শুরুটা হতে পারে এসকেডি পদ্ধতিতে।” তিনি আরও বলেন, “একই ভাবে টাটা মোটরসের এমন কিছু পণ্য এবং প্ল্যাটফর্ম রয়েছে যা ইভেকো গোষ্ঠীর অন্যান্য বাজারের জন্য উপযোগী হতে পারে। আমরা সেগুলি নিয়ে পর্যালোচনা করব এবং কী ভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা খতিয়ে দেখব।”

উভয় সংস্থাই গাড়ির যন্ত্রাংশ, ব্যাটারি এবং যানবাহনের প্ল্যাটফর্মের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ অনুসন্ধান করবে বলেও জানিয়েছেন দুই গোষ্ঠীর শীর্ষকর্তারা। টাটা মোটরস সূত্রে খবর, এই যৌথ ব্যবসায়িক কার্যক্রমের বার্ষিক বিক্রয় প্রায় ৫ লাখ ৯০ হাজার যানবাহন এবং আয় প্রায় ২.২৮ লাখ কোটি টাকা।

ভারত-সহ অন্যান্য উদীয়মান বাজারে শক্তিশালী উপস্থিতি রয়েছে টাটা গাড়ির। অন্য দিকে ইভেকো ব্যবসা পরিচালনা করে ইউরোপ ও লাতিন আমেরিকায়। ফলে দুই গোষ্ঠীর এই যৌথ উদ্যোগটি উভয়ের কার্যক্রমকে একত্রিত করবে এবং নতুন বাজারে প্রবেশের জায়গা করে দেবে। টাটা মোটরস জানিয়েছে, ছয় টনের বেশি ওজনের ট্রাক বিক্রির ক্ষেত্রে এই নতুন সম্মিলিত উদ্যোগটি বিশ্বব্যাপী বাণিজ্যিক গাড়ি নির্মাতাদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরনের কথায়, “আমরা যখন প্রথম এই চুক্তির ঘোষণা করেছিলাম, তখন আমাদের স্বপ্ন ছিল একটি আন্তর্জাতিক বাণিজ্যিক গাড়ি সংস্থা গড়ে তোলার। টাটা মোটরসের উপস্থিতি মূলত ভারত-সহ এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে। আর ইভেকো গোষ্ঠীর উপস্থিতি রয়েছে ইউরোপ এবং লাতিন আমেরিকায়। আমাদের সেই আকাঙ্ক্ষা আজ বাস্তব রূপ নিল।”

ইভেকোর প্রতিরক্ষা ব্যবসা বাদে বাকি অংশটি অধিগ্রহণের লক্ষ্যে টাটা মোটরস ২০২৫ সালের জুলাই মাসে সম্পূর্ণ নগদ অর্থে ক্রয়ের প্রস্তাব দিয়েছিল। গত ৩০ অক্টোবর প্রাথমিক নিষ্পত্তির মাধ্যমে ইভেকোর সাধারণ শেয়ার মূলধনের ৮৯.৪২% (ট্রেজ়ারি শেয়ার বাদে) কিনে নেয় টাটা মোটরস। এই চুক্তির মূল্য ছিল শেয়ারপ্রতি ১৪.৪০ ইউরো। এর ফলে ইভেকো এখন টাটার মোটরসের একটি পরোক্ষ সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবশিষ্ট শেয়ারগুলির জন্য টেন্ডার প্রস্তাব ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে চন্দ্রশেখরন জানিয়েছেন, ইভেকোর সদর দফতর ইটালির তুরিনেই থাকবে। এ ছাড়া সংস্থাটির বিভিন্ন ব্র্যান্ড, কর্মীদল এবং কার্যক্রম তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখবে। তিনি বলেন, ‘‘সদর দফতর তুরিনেই থাকবে। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা এখানকার শিল্প পরিকাঠামো এবং ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাব।’’

দুই গোষ্ঠীর তথ্য অনুযায়ী, এই সম্মিলিত ব্যবসায় ১৩০টিরও বেশি দেশে ২৭টি উৎপাদন কেন্দ্র, ২৫টি গবেষণা ও উন্নয়নকেন্দ্র এবং প্রায় ৯,৩০০টি বিক্রয় ও পরিষেবাকেন্দ্র রয়েছে। এখানে ৭৩,০০০-এরও বেশি মানুষ কর্মরত। ইভেকোর পণ্য তালিকায় রয়েছে হালকা, মাঝারি ও ভারী বাণিজ্যিক ট্রাক, বাস এবং পাওয়ারট্রেন প্রযুক্তি। অন্য দিকে, টাটা মোটরস ছোট কার্গো যান থেকে শুরু করে ভারী ট্রাক, বাস এবং গণপরিবহন ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের বাণিজ্যিক গাড়ি তৈরি করে থাকে।

Tata Motors Business Deal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy