ফুটবল ম্যাচ চলাকালীন আতশবাজির খেলা! মার্কিন সেনার হেলিকপ্টারের কয়েক ইঞ্চি দূরে ফাটল সেই আতশবাজি। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়াল দর্শকদের মধ্যে। আমেরিকার সিয়াটলের একটি ফুটবল স্টেডিয়ামে খেলা শুরুর আগের আতশবাজি প্রদর্শনীর সময় ওই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। আতশবাজির বিস্ফোরণ স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের অত্যন্ত কাছে ঘটে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ‘মানডে নাইট ফুটবল’-এর আসর বসেছিল। ম্যাচ ছিল সিয়াটল সিহকস ও শিকাগো বেয়ার্সের মধ্যে। ম্যাচের আগে চারটি হেলিকপ্টারের একটি ‘ফ্লাইওভার’ও (আকাশপথে প্রদর্শনী) অনুষ্ঠিত হচ্ছিল। সিহকস ও বেয়ার্সের মধ্যেকার খেলার আগে সে দেশের জাতীয় সঙ্গীত বাজার সময় মার্কিন সেনার চারটি হেলিকপ্টার স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তিনটি হেলিকপ্টার স্টেডিয়ামের উপর দিয়ে চলে যাওয়ার পর চতুর্থ হেলিকপ্টারটির কাছাকাছি আতশবাজি বিস্ফোরিত হতে শুরু করে। তখনও হেলিকপ্টারটি স্টেডিয়ামের উপরই ছিল।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেডিয়ামের উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির একেবারে সামনে আতশবাজি বিস্ফোরিত হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শকের মধ্যে অনেককেই বিস্ময় এবং উদ্বেগের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে শোনা যায়। তবে সৌভাগ্যবশত কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় হেলিকপ্টারটি। এর পর সেটি অন্য তিনটি হেলিকপ্টারের সঙ্গে স্টেডিয়াম চত্বর ছেড়ে বেরিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ওই ঘটনায় হেলিকপ্টারটির ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি এক্স হ্যান্ডলে শেয়ার করা হয়েছে ‘আরটিভিস্যুয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কার দোষ জানি না। তবে আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল। বড় দুর্ঘটনা থেকে জোর রক্ষা পাওয়া গিয়েছে।’’