বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। দিনের আলোয় বেঙ্গালুরুর ব্যস্ত ইন্দ্রিনগরের ১০০ ফিট রোডে ছিনতাইকারীর কবলে তরুণী। একটি দোকানের ভেতরে ওই তরুণীর গলায় ছুরি ঠেকিয়ে তাঁর সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন যুবক, এমনটাই অভিযোগ। যদিও সফল হননি। স্থানীয়দের হাতে ধরা পড়ে যান তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ৩১ অক্টোবর বেলা ১২টা নাগাদ। অভিযুক্ত যুবকের নাম প্রভুরায় ওরফে রাজ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪০ বছর বয়সি রাজ ডেলিভারি কর্মী হিসেবে কাজ করেন। ৩১ অক্টোবর হেলমেট এবং গ্লাভস পরে ইন্দ্রিনগর ১০০ ফিট রোডের একটি জুতো ও ব্যাগ মেরামতের দোকানে ঢুকে পড়েন তিনি। সে সময় দোকানে একা ছিলেন ২৩ বছর বয়সি তরুণী কর্মী। অভিযুক্ত শুরুতে দাবি করেন, কেউ তাঁকে ধাওয়া করছে এবং মেরে ফেলতে চাইছে। তাই তিনি দোকানের ভেতরে আশ্রয় চান। এর পরই তিনি হঠাৎই ছুরি বার করে ওই তরুণীর গলায় ধরেন এবং তাঁর সোনার চেন খুলে দিতে বলেন। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত যুবক ওই তরুণীর হাতে আঠা ঢেলে দিয়েছিলেন। ফলে তাঁর হাত টেবিলের সঙ্গে আটকে যায়। এ ছাড়াও তরুণী যাতে চিৎকার করে সাহায্য চাইতে না পারেন, সে জন্য তাঁর মুখ একটি কাপড় দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করেন। এর পর তরুণী সাহায্যের জন্য চিৎকার করলে অভিযুক্ত ছুরি দেখিয়ে তাঁকে হুমকি দিতে থাকেন। তরুণীকে জোরপূর্বক আটকে রেখে পালানোর চেষ্টা করেন বলেও অভিযোগ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাস্থলে মানুষ জড়ো হতে শুরু করলে অভিযুক্ত যুবক ওই তরুণীকে টেনেহিঁচড়ে দোকানের বাইরে নিয়ে আসেন এবং তাঁকে মেরে ফেলার অথবা অটোয় তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। হট্টগোল শুনে আশপাশের দোকানের মালিক ও পথচারীরা এগিয়ে আসেন। এর পর অভিযুক্তের জারিজুরি বেশি ক্ষণ খাটেনি। স্থানীয় বাসিন্দা এবং দোকানদারেরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে কাবু করে ফেলেন। ইন্দ্রিনগর পুলিশের হাতে তুলে দেন তাঁরা। উদ্ধার করা হয় তরুণীকে। অভিযুক্তকে যুবককে গ্রেফতারের পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও খবর।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় ওই তরুণী নিজেকে মুক্ত করার চেষ্টা করছেন আর অভিযুক্ত রাজ তাঁকে আটকে রেখেছেন। শান দেওয়া ছুরি ধরে রেখেছেন তরুণীর গলায়। তাঁদের চারপাশে স্থানীয়দের ভিড়। অভিযুক্ত যুবক যখন ওই তরুণীকে ধরে রেখে পালানোর চেষ্টা করেন, ঠিক তখনই পথচারীরা তাঁকে ঘিরে ফেলেন। নিরস্ত করা হয় যুবককে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি এক্সে শেয়ার করা হয়েছে ডিসিপি ইস্ট নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। দিনের আলোয় একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন ঘটনা ঘটায় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।