দেশের বিভিন্ন জায়গায় পথকুকুরের সমস্যা অনেকের কাছেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাঝেমধ্যেই রাস্তায় খেলতে থাকা শিশু বা পথচারীদের পথকুকুরের আক্রমণের শিকার হওয়ার খবর প্রকাশ্যে আসে। কখনও কখনও পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, মানুষের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে পড়ে। সম্প্রতি হরিয়ানার অম্বালায় তেমনই একটি ঘটনা ঘটেছে বলে দাবি। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাইরে হঠাৎই এক বালককে আক্রমণ করেছে একটি পথকুকুর। বালক যখন বাড়ির কাছে গলিতে ছিল, ঠিক তখনই পথকুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণের মুখে আতঙ্কিত বালকটিকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়। কিন্তু, কুকুরটি তাকে মাটিতে ফেলে দিয়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে, যা এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। তবে, বালকের আর্তনাদ শুনে দ্রুত তাকে বাঁচাতে ছুটে আসেন দুই তরুণী। এক জন দ্রুত কুকুরটির দিকে এগিয়ে যান এবং তার পরই আরও এক জন সেখানে পৌঁছোন। সাহসিকতার পরিচয় দিয়ে ওই দুই তরুণী কুকুরটিকে বালকের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাঁদের প্রচেষ্টায় কুকুরটি পিছু হটে এবং বালককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ঘটনাটি হরিয়ানার অম্বালা শহরের সেক্টর ৯ এলাকায় ঘটেছে। ওই এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে ঘটনাটি।
আরও পড়ুন:
ওই ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। পথকুকুরের কারণে শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দুই সাহসী তরুণীকে কুর্নিশ। তাঁদের সাহসিকতার কারণেই বালক প্রাণে বেঁচে গিয়েছে। স্থানীয় প্রশাসনের উচিত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা।’’