জঙ্গলে বিরল সাক্ষাৎ। কাছাকাছি চলে এল একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটি একশৃঙ্গ গন্ডার! মুখোমুখি না হলেও দু’জনেই দু’জনের উপস্থিতি টের পেল ভাল ভাবেই। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে সিক্ত রাস্তা ধরে হেলেদুলে এগোচ্ছে একটি একশৃঙ্গ গন্ডার। হাঁটতে হাঁটতে হঠাৎই সজাগ হয়ে যায় সে। থমকে দাঁড়ায়। ঠিক সেই সময়েই গন্ডারের পিছন দিকে জঙ্গল থেকে বেরিয়ে আসে বিশাল এক রয়্যাল বেঙ্গল বাঘ। তীক্ষ্ণ দৃষ্টিতে গন্ডারের দিকে তাকিয়ে থাকে সে। গন্ডার পিছু না ঘুরলেও মুহূর্তে তার কান খাড়া হয়ে যায়। জোরে জোরে মাথাও নাড়ায়। যেন শ্রবণশক্তি এবং ঘ্রাণশক্তির মাধ্যমে বাঘের উপস্থিতি টের পেয়েছে সে। এর পরেই সাবধানি পদক্ষেপে দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যায় গন্ডারটি। বাঘও কোনও ঝুঁকি নেয়নি। ধীরে ধীরে পা ফেলে এগোতে থাকে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে উত্তরাখণ্ডের সরকারি কর্তা পিএম ধাকাতের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।