‘তালিবান’ শুনলেই ভয় পেয়ে যান অনেকে। কিন্তু, যদি কোনও ভারতীয় ব্যক্তি তালিবদের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন, তবে কেমন হবে? তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ভারতীয় যুবক একটি তালিবান শিবিরে ঢুকে পড়েছেন এবং সেখানে উপস্থিত তালিবদের সঙ্গে করমর্দন করছেন। শুধু তাই নয়, তিনি তাঁদের সঙ্গে বন্ধুত্বও গড়ে তুলেছেন এবং পুরো বিষয়টি নিয়ে একটি ভ্লগ তৈরি করেছেন। ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারতীয় এক তরুণ ভ্লগার আফগানিস্তানে ভ্রমণের সময় কোনও ভাবে তালিবদের একটি শিবিরে পৌঁছে যান। তাঁর হাতে ক্যামেরা এবং মাইক্রোফোন দেখে তালিব সদস্যেরা অবাক হয়ে তাঁকে ঘিরে ধরেন। শুরুতে তাঁদের কাছে অস্ত্র দেখে ঘাবড়ে যান তরুণ। বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যান তিনি। তবে, পরে ওই তালিবদের আচরণে তিনি আশ্বস্ত হন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন।
এক তালিবান সদস্যের হাতে মেশিনগান দেখে ভারতীয় ভ্লগার তাঁকে জিজ্ঞাসা করেন, আগ্নেয়াস্ত্রটি কী ভাবে কাজ করে। কিন্তু, তালিবান সদস্য সে প্রশ্ন বুঝতে পারেননি। এর পর তিনি জানতে চান, ওই আগ্নেয়াস্ত্রে কতগুলি গুলি ধরে। উত্তরে ওই তালিব সদস্য জানান, সেটিতে ১০০ থেকে ২০০টি গুলি ধরে। এর পর তালিবানের ট্যাঙ্ক এবং ট্রাক ওই শিবিরের সামনে দিয়ে চলে যায়, যা দেখে ওই ভারতীয় ভ্লগার বেশ অবাক হন। শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তরুণ ভ্লগারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘নোম্যাডআশিস২৭’ থেকে। ভিডিয়োটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাই আপনার সাহস আছে। তবে, জিজ্ঞাসা করা উচিত ছিল, মেশিনগানটির দাম কত!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভাই, ওখান থেকে দ্রুত বেরিয়ে আসুন। যদি ওদের মেজাজ বিগড়ে যায়, তবে বিপদ হতে পারে।’’ তৃতীয় এক জনের মন্তব্য, ‘‘তালিবরা ভারতীয়দের সঙ্গে বেশ ভাল আচরণই করে।’’