টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে অনভিপ্রেত ঘটনা। অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় পায়ের সামনে আসা ড্রোনে লাথি মারলেন সঞ্চালক। সেই ড্রোন উড়ে সরাসরি গিয়ে লাগল তরুণী মডেলের মুখে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোয় সোমবার একটি সরাসরি টেলিভিশন সম্প্রচারের সময় অনাকাঙ্ক্ষিত এবং উদ্বেগজনক ওই ঘটনাটি ঘটেছে। অনুষ্ঠানের সঞ্চালক স্টুডিয়োর ভিতর উড়ন্ত একটি ড্রোনকে লাথি মারলে সেটি সরাসরি পাশে দাঁড়িয়ে থাকা এক মডেলের মুখে গিয়ে আঘাত করে। আহত হন ওই মডেল। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
জানা গিয়েছে ‘ক্যানাল ৬ মাল্টিমিডিওস’-এ প্রচারিত বিনোদনমূলক অনুষ্ঠান ‘এস শো’-এর সময় ঘটনাটি ঘটে। অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন আর্নেস্তো চাভানা। তখন স্টুডিয়োর ভিতর একটি ড্রোন উড়ছিল। ঘুরে ঘুরে শুট করছিল সেটি। তখন হঠাৎই সঞ্চালক চাভানা সেটিকে লাথি মারেন। ড্রোনটি গিয়ে আঘাত করে ‘লা কলম্বিয়ানা’ নামে পরিচিত কলম্বিয়ান মডেল এবং নৃত্যশিল্পী ইসাবেলা রোজাসের মুখে। এই ঘটনার পর স্টুডিয়োতে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জানা যায়, রোজাস বেশ আঘাত পেয়েছেন। ড্রোনের আঘাতে তাঁর ঠোঁটের একটি অংশ কেটে গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
অন্য দিকে চাভানা জানিয়েছেন, তিনি এই ঘটনার দায়ভার গ্রহণ করবেন। তবে অনুষ্ঠানটির প্রযোজনা দল চাভানার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
চাভানার ড্রোনে লাথি মারার এবং তা কলম্বিয়ান মডেলের মুখে গিয়ে আঘাত করার ভিডিয়োটি ‘ডেক্কো’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই সঞ্চালকের আচরণের নিন্দায় সরব হয়েছেন।