Advertisement
E-Paper

পার্কিনসন্সে মৃত্যু হয় দাদুর, সচেতনতা ছড়াতে ম্যারাথনে যোগ দেন ২৪ বছরের নাতনি, সেই দৌড়েই প্রাণ গেল তরুণীর

‘পার্কিনসন্স ফাউন্ডেশন চ্যাম্পিয়নস টিম’-এর তরফে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। পার্কিনসন্সের সঙ্গে লড়াই করে চলা মানুষদের জন্য তহবিল সংগ্রহ করা এবং সচেতনতা ছড়ানোই ছিল লক্ষ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

২০২২ সালে মৃত্যু হয় দাদুর। স্নায়ুজনিত রোগ পার্কিনসন্স সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। ২৪ বছর বয়সি নাতনি র‌্যাচেল আপা সেই দাদুর স্মৃতিতেই যোগদান করেছিলেন নিউ ইয়র্ক ম্যারাথনে। নভেম্বরের ১ তারিখ ‘পার্কিনসন্স ফাউন্ডেশন চ্যাম্পিয়নস টিম’-এর তরফে সেই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। পার্কিনসন্সের সঙ্গে লড়াই করে চলা মানুষদের জন্য তহবিল সংগ্রহ করা এবং সচেতনতা ছড়ানোই ছিল সেই ম্যারাথনের লক্ষ্য। কিন্তু, দৌড় শেষ করার খানিক আগেই মৃত্যু হল র‌্যাচেলের। ম্যারাথনের শুরুতে র‌্যাচেলের দৌড়ের যে ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল, তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, র‌্যাচেল কলেজজীবনেও খেলাধুলো সঙ্গে যুক্ত ছিলেন। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ২৬.২ মাইল দীর্ঘ এই ম্যারাথন আয়োজন করা হয়। কিন্তু, অন্তিম সীমার থেকে আনুমানিক দু’মাইল দূরে, ২৪ মাইল পথ অতিক্রমের পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন র‌্যাচেল। জরুরি সেবাকর্মীরা দ্রুত র‌্যাচেলকে হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত্যু হয় তাঁর। খবরটি লেখার সময় পর্যন্ত, র‌্যাচেলের মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে কিছু জানা যায়নি। প্রাথমিক ভাবে, তাঁর মৃত্যুর কারণ হিসেবে পেশির কোষগুলির ভেঙে যাওয়াকেই কাঠগড়ায় তোলা হয়েছে।

সূত্রের খবর, ম্যারাথন আয়োজক দলের লক্ষ্য ছিল, চার হাজার মার্কিন মুদ্রার তহবিল সংগ্রহ করা। কিন্তু, র‌্যাচেলের মৃত্যুর খবর সংস্থার জন্য সাপে বর হয়ে যায়! নির্ধারিত লক্ষ্যের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ সংগ্রহ করতে সক্ষম হয় ওই সংস্থা। মার্কিন মুদ্রায় প্রায় একুশ হাজারের তহবিল জমা পড়েছে বলে খবর।

ম্যারাথনে র‌্যাচেলের যোগ দেওয়ার ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসিমুখে দৌড়োচ্ছেন তরুণী। ভিডিয়ো দেখা আন্দাজ করা যাচ্ছে, দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে রয়েছেন র‌্যাচেলের কাছের মানুষেরাও। তাঁরা র‌্যাচেলকে দৌড়ে আসতে দেখে উচ্ছাস প্রকাশ করলেন। র‌্যাচেলও তাঁদের উদ্দেশে হাত নাড়লেন। মুখে হাসি নিয়েই দৌড়োতে থাকলেন র‌্যাচেল। তরুণী নিজে এবং তাঁর কাছের মানুষেরা, কেউই তখনও ভাবতে পারেননি খানিক পরই পরিস্থিতি কী ভয়ঙ্কর ভাবে বদলে যেতে চলেছে।

‘কলিনরাগ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ৭০ লক্ষেরও বেশি নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রচুর প্রতিক্রিয়া এবং মন্তব্য জমা পড়েছে। তরুণীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ নেটপাড়া।

Viral Video new york Marathon

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy