এগিয়ে এল ক্ষিপ্ত হাতি। শুঁড় দুলিয়ে তেড়ে এল তরুণকে মারতে। কোনও মতে সেখান থেকে পালিয়ে গেলেন তরুণ। কিন্তু তাঁর দু’চাকাটিতে হামলা চালাল হাতিটি। ভয়ঙ্কর সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি অসমের গোলাঘাট জেলার নুমালিগড়ের মিরিপাথর গ্রামে ঘটেছে। সূত্রের খবর, একদল তরুণ প্রথমে হাতিটিকে উত্ত্যক্ত করে। ফলস্বরূপ সেটি রণচণ্ডী রূপ ধারণ করে। তরুণকে দেখে বৃংহন করতে করতে তেড়ে যায় তাঁকে মারার জন্য। গত কয়েক দিনে সেই এলাকায় হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে বলে খবর। সেই কারণে মানুষের হাতির হামলার মুখে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। অন্য দিকে, সেই অঞ্চলের কিছু মানুষের হাতিদের খেপানোর স্বভাব সেই আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেঠো রাস্তা ধরে পড়ি কি মড়ি করে দৌড়ে পালাচ্ছেন তরুণ। পিছনে শুঁড় তুলে, ডাক ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে হাতি। তরুণ কোনওক্রমে পালিয়ে গেলেন। কিন্তু সেই রাস্তার ধারেই রাখা ছিল তরুণের বাইক। তরুণ রক্ষা পেলেও, হাতির ক্রোধ থেকে বাঁচল না বাইকটি। সেটিকে শুঁড় দিয়ে ধাক্কা মেরে রাস্তার উপর ফেলে দিল হাতিটি। এর পর পায়ের সাহায্যে বাইকটিতে আঘাত করতে লাগল। প্রত্যক্ষদর্শীরা চিৎকার করে উঠলেন। সেই সময় অপর দুই হাতি রাগে ফুঁসতে থাকা হাতিটির কাছে এগিয়ে এল। সঙ্গীদের দেখে সেগুলির সঙ্গে ভিড়ে গেল ক্রুদ্ধ হাতিটি। সকলে একসঙ্গে দাঁড়িয়ে শুঁড় দুলিয়ে ডাক ছাড়তে লাগল। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘দ্যট্রুথইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকর নজর কেড়েছে ভিডিয়োটি। জমা পড়েছে প্রচুর প্রতিক্রিয়া এবং মন্তব্য। হাতিটির রুদ্রমূর্তি দেখে আতঙ্কে নেটপাড়া।