মধ্যরাতে ঝড়ের গতিতে এসইউভি ছোটাতে গিয়ে ঘটল বিপত্তি। গুরুগ্রামের রাস্তায় দু’টি গাড়িকে ধাক্কা মারল এসইউভি। সজোরে ধাক্কা লেগে উল্টে গেল একটি ক্যাব। গুরুতর আহত হলেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ডিএলএফ পেট্রোলিং দল এবং পুলিশ। দুর্ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি গুরুগ্রামের ডিএলএফ ফেল ২-তে গল্ফ কোর্সে যাওয়ার রাস্তায় ঘটেছে। শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এসইউভির পিছনে থাকা চারচাকার ড্যাশক্যামেরায় দুর্ঘটনাটি ধরা পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ক্যাবচালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুই গাড়িতে থাকা লোকজনের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মধ্যরাতেও রাস্তার চারচাকার ভিড়। একটি কালো রঙের এসইউভি আশপাশের সমস্ত গাড়িকে কাটিয়ে বেপরোয়া গতিতে এগিয়ে চলেছে। এসইউভিটি প্রথমে রাস্তার বাঁ দিকে ঘেঁষে এগোচ্ছিল। হঠাৎ চালকের কী মনে হল, বাঁ দিক ফাঁকা থাকা সত্ত্বেও তিনি গাড়িটি নিয়ে রাস্তার ডান দিকে ঘেঁষতে শুরু করলেন। তখনই ঘনাল বিপদ। দু’টি চারচাকার মাঝখান দিয়ে এসইউভিটি রাস্তার ডান দিকে যাওয়ার চেষ্টা করল। ফলস্বরূপ ধাক্কা লেগে একটি চারচাকা রাস্তার মাঝেই উল্টে গেল। অপর একটি চারচাকা ধাক্কার অভিঘাতে ব্যস্ত রাস্তার মাঝখানেই ঘুরতে থাকল। সেই গাড়ির কিছুটা অংশ দুমড়ে-মুচড়েও গেল। এসইউভিটি এঁকেবেঁকে এগিয়ে গিয়ে রাস্তার ধারে থাকা মেট্রো স্টেশনের পাঁচিলে সজোরে ধাক্কা খেল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘অভিষেকজলান২৬’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে সেটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সব দোষ এসইউভি-চালকের।’’