Advertisement
E-Paper

ব্যস্ত রাস্তায় আচমকা ব্রেক কষলেন স্কুটারচালক, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের! বাহন নিয়ে ‘উড়লেন’ তরুণ

ওই তরুণ আকষ্মিক ব্রেক কষে দাঁড়িয়ে পড়ায়, বাসটি এসে তাঁর স্কুটারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার কয়েক মুহূর্ত পর রাস্তার উপর লুটিয়ে পড়েন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৬:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় স্কুটার চালিয়ে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন তরুণ। রাস্তার মাঝখানেই হঠাৎ ব্রেক কষলেন তিনি। পিছনেই ছুটে আসছিল একটি বাস। তরুণ আকষ্মিক ব্রেক কষে দাঁড়িয়ে পড়ায়, বাসটি এসে সরাসরি তাঁর স্কুটারের পিছনে ধাক্কা মারে। ভয়ঙ্কর দুর্ঘটনার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি বুধবার বিকেলে গুজরাতের রাজকোটের যাগনিক এলাকার জগন্নাথ মন্দিরের সামনে ঘটেছে। স্কুটারে ধাক্কা মারা বাসটি রাজকোট পুরসভা দ্বারা পরিচালিত। তবে, এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত বা নিহত হননি। স্কুটারচালকের হাতে সামান্য চোট লেগেছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছোলে স্কুটারচালক নিজের ভুল স্বীকার করে নেন। তাঁর আচমকা ব্রেক কষার ফলেই যে দুর্ঘটনাটি ঘটেছে, তা মেনে নেন তরুণ। ফলত, ঘটনাটি নিয়ে কোনও মামলা রুজু করা হয়নি।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর গাড়ি। এক তরুণ স্কুটার নিয়ে এগিয়ে যাচ্ছেন। আচমকা তরুণের কী মনে হল, তিনি রাস্তার মাঝখানেই বাহনের ব্রেক কষলেন। সঙ্গ সঙ্গে ঘটল বিপত্তি। স্কুটারের পিছনেই ছিল একটি বাস। স্কুটারটি হুট করে দাঁড়িয়ে পড়ায় বাসচালকও ব্রেক কষলেন। কিন্তু, শেষরক্ষা হল না। বাসটি গিয়ে সজোরে ধাক্কা মারল স্কুটারের পিছনে। স্কুটার থেকে কার্যত উড়ে গিয়ে রাস্তার উপর আছড়ে পড়লেন তরুণ। স্কুটারটিও রাস্তার উপর পড়ে গেল। এর পর তরুণও রাস্তায় লুটিয়ে পড়লেন। বাসটি দাঁড়িয়ে গেল। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণের সতর্ক থাকা উচিত ছিল, বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত।’’

Viral Video Road Accident Rajkot Gujarat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy