মধ্যপ্রদেশের অনুপপুর প্রশাসনিক জেলার জমুড়ী গ্রামে, স্থানীয় একটি চাষের জমিতে দেখা গেল এক ভয়াল দৃশ্য। সেখানে কাজের ফাঁকেই কৃষকদের চোখে পড়ে দু’টি বিশালাকার অজগর। তাদের মধ্যে একটি, অপরটিকে আস্ত গিলে খেয়ে নেয়। এমন ঘটনা আগে কখনও দেখেননি গ্রামের বাসিন্দারা। তাই, লোকমুখে সে কথা রটতেই দৈত্যাকার সরীসৃপের কাণ্ড দেখতে ওই মাঠে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের।
আরও পড়ুন:
সূত্রের খবর, যে সাপটিকে খাওয়া হয়েছিল, সেটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। আর, যে অজগরটি তাকে পেটে পুরেছিল, সেটি অন্তত ১০ ফুট লম্বা। এক অজগরের অন্যটিকে খেয়ে ফেলার এই দৃশ্য ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। গ্রামবাসীর কথা অনুযায়ী, ১০ ফুটের অজগরটি প্রথমে আট ফুটের অজগরের গায়ে একটি কামড় বসায়। তার পর সেটিকে ধীরে ধীরে গিলতে শুরু করে। শেষমেশ পুরোটাই সাবাড় করে দেয়।
আরও পড়ুন:
এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। এর পর সেখানেই দীর্ঘক্ষণ শুয়ে থাকে সদ্য উদরপূর্তি করা অজগরটি। স্থানীয়দের তরফে বনকর্মী এবং সাপ ধরার পেশাদার লোকজনকে খবর দেওয়া হয়। তাঁরা এসে ১০ ফুটের সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু, অজগরটিকে উদ্ধার করার আগে আরও এক কাণ্ড ঘটায় সেটি।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেঠো রাস্তার উপর শুয়ে রয়েছে বিশালাকার অজগর। সেটির পেট ফুলে রয়েছে। সেই অবস্থাতেই মাঝেমধ্যে নড়াচড়া করছে সরীসৃপটি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন গ্রামের মানুষজন। অধিকাংশের হাতেই ধরা রয়েছে লাঠি। তাঁরা সকলেই অজগরের অজগর গিলে খাওয়ার কথা শুনে সেখানে জড়ো হয়েছিলেন। অবাক হয়ে দেখছিলেন রাক্ষুসে প্রাণীটিকে।
তখনই ফের অন্য এক কাণ্ড ঘটায় বিশালাকার সাপটি। হঠাৎই তার মুখ থেকে অপর অজগরটির লেজ দেখা যায়। ক্রমে বোঝা যায়, ১০ ফুটের অজগরটি এবার তার পেটের ভিতরে সেঁধিয়ে যাওয়া অন্য সাপটিকে উগরে ফেলছে! ধীরে ধীরে গোটা অজগরটিকেই পেট থেকে মুখ দিয়ে বের করে দেয় অন্য অজগরটি। দেখেই বোঝা যাচ্ছিল, এতে তাকে বিরাট পরিশ্রম করতে হয়। এর জেরে বেশ কিছুক্ষণ হাঁ করে শ্বাস নিতেও দেখা যায় তাকে। তার পর এঁকেবেঁকে চলতে শুরু করে অজগরটি। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। দাবি অনুসারে, এই ঘটনার পর ওই অজগরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার বার দেখে ফেলেছেন নেটাগরিকেরা। বিস্ময়ে হতবাক হয়ে করেছেন নানা মন্তব্য, প্রতিক্রিয়াও দিয়েছেন দেদার।