ছোট্ট পা ফেলে এগিয়ে আসছে হস্তীশাবক। ঠিক করে হাঁটতেও পারছে না। নড়বড়ে পা ফেলেই এগিয়ে আসছে সেটি। শিখছে হাঁটতে। বাচ্চা হাতিটির হাঁটার পথ তৈরি করে দিচ্ছে দলের অন্য হাতিরা। মন ভাল করা এই ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশার কেওনঝড় পর্যটনকেন্দ্র। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে হাতির পাল। দলের অধিকাংশ হাতিই পূর্ণবয়স্ক। সেগুলির মাঝেই দেখা গেল একটি পুচকে হাতিকে। ঠিকঠাক হাঁটা তো দূর, হস্তীশাবকটিকে হাঁটতেও বেগ পেতে হচ্ছে। এটিই তাঁর প্রথম হাঁটতে শেখা। নড়বড়ে পা ফেলে এগিয়ে আসছে হস্তীশাবকটি। সেটির চলাচলের রাস্তা তৈরি করে দিচ্ছে বড় হাতিরা। সকলে সরে গিয়ে বাচ্চা হাতির জন্য চলাচলের রাস্তা করে দিচ্ছে। তবে সেটি কী ভাবে হাঁটছে, আদৌ ঠিকঠাক চলতে পারছে কি না সে দিকেও নজর রাখছে বড় হাতিরা। হস্তীশাবকের হাঁটতে শেখার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আইএএস কর্মী সুপ্রিয়া সাহু এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১২ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। বাচ্চা হাতির প্রথম পা ফেলার ভিডিয়ো দেখে আনন্দ পেয়েছে নেটপাড়া।