গুজরাতের রাস্তায় বাইকের গা ঘেঁষে উল্টে গেল বিশালাকার ট্রাক। সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচলেন যুগল। কিন্তু, রাস্তার মাঝে দৈত্যাকার ট্রাক উল্টে পড়ায় স্থানীয়দের মধ্যে পড়ে গেল হুলুস্থুল। সৃষ্টি হল যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তারাই ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ট্রাক উল্টোনোর একটি ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মঙ্গলবার রাতে গুজরাতের সুরাতে ঘটেছে। ট্রাকটিতে সেলাইয়ের ভারী যন্ত্র রাখা ছিল। ট্রাকচালকের কথা অনুযায়ী, ওই যন্ত্র ঠিক ভাবে রাখা ছিল না। সেই কারণে ট্রাকটিকে নিয়ন্ত্রণে রাখতে অসুবিধা হচ্ছিল তাঁর। ফলস্বরূপ ভারসাম্য হারিয়ে ব্যস্ত রাস্তায় পণ্যবাহী ওই বিরাটাকার বাহন নিয়ে উল্টে পড়েন তিনি। স্বস্তির বিষয় হল, ভয়ঙ্কর এই ঘটনায় কেউ হতাহত হননি। ট্রাকচালকও সুস্থ রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে। পুলিশের তরফেই ওই সেলাইয়ের যন্ত্র পরিবহণের জন্য অন্য গাড়ির ব্যবস্থা করা হয়। পড়ে যাওয়া ট্রাক থেকে সেলাইয়ের যন্ত্র বার করে অপর গাড়িতে স্থানান্তরিত করার পর সেটি তার গন্তব্যে পৌঁছোয়। তবে, বাইকে থাকা ওই যুগলের পরিচয় জানা যায়নি। তাঁদের তরফে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগও করেননি বলে খবর। দুর্ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের ব্যস্ত রাস্তা ধরে ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তা ধরে এগিয়ে চলেছে একটি বিশালাকার ট্রাক। সেটির গতি দেখেই ঠাওর করা যাচ্ছে যে চালককে ট্রাকটি ছোটাতে বেশ বেগ পেতে হচ্ছে। মুহূর্তের মধ্যেই ট্রাকটি ভারসাম্য হারাল। উল্টে পড়ল রাস্তার উপর। ট্রাকটির পাশেই দু’চাকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন যুগল। কয়েক ইঞ্চির ব্যবধানের জন্য বেঁচে গেলেন তাঁরা। চারপাশ ঢেকে গেল ধুলোর ধোঁয়ায়। সেই ধোঁয়া পেরিয়েই দু’চাকা নিয়ে ছুটে চললেন যুগল। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড় হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘যুগল কপালজোরে বেঁচে গেলেন।’’