ফ্রিজের দরজা খুলতে গিয়েই আঁতকে উঠলেন পরিবারের সদস্যেরা। দেখা পেলেন এক বিশেষ প্রাণীর। ফ্রিজের দরজার ফাঁকে ঘাপটি মেরে রয়েছে সেটি। খবর দেওয়া হল অভিজ্ঞদের। তাঁরা এসে প্রাণীটিকে ধরে নিয়ে গেলেন। কী এমন লুকিয়ে ছিল ফ্রিজের দরজায়? তার উত্তর পাওয়া গেল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্রিজের দরজার উপরের দিকে ঘাপটি মেরে রয়েছে একটি ফিনিফিনে সাপ। চেহারায় বিরাট হলেও সাপ তো! আর তাই, তাকে দেখেই কার্যত ভিরমি খেলেন পরিবারের সদস্যেরা! তবে, সেটিকে ধরতে আসা ব্যক্তি জানালেন সাপটি নির্বিষ। ওই ব্যক্তির কথা অনুযায়ী, সরীসৃপটি পূর্ণবয়স্ক নয়। তবে, বসে ছোট এবং নির্বিষ হলেও সাপটি যথেষ্ট তেজি। লোকজন দেখে ফ্রিজের দরজার কোনা থেকে মাথা বার করে ফণা উঁচিয়ে রয়েছে সেটি। সাপটির গায়ের রং সবুজ, হলুদের মিশ্রণে তৈরি। সেই ব্যক্তি জানালেন, এর আগে কখনও কোনও সাপকে ফ্রিজের দরজার মাথায় চড়তে দেখেননি তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সাপটিকে এ বার ফ্রিজের দরজার ফাঁক থেকে বার করার প্রক্রিয়া শুরু হল। সেই ব্যক্তি হাতে একটি লোহার আঁকশি নিয়ে সাপটিকে উদ্ধারের কাজে লেগে প়়ড়লেন। অপর হাতে ধরে রাখলেন একটি বোতল। আঁকশির সাহায্যে সাপটিকে তুলে সেই বোতলে ঢোকানোর সিদ্ধান্ত নিলেন তিনি। কিন্তু, গায়ে আঁকশির ছোঁয়া লাগতেই সাপটি ছটফট করে উঠল। নিজে থেকেই দরজার ফাঁক থেকে বেরিয়ে সেটির উপরে উঠে এল। সাপটির গলার কাছটা আঁকসির সাহায্যে চেপে বোতলে ভরার চেষ্টা করলেন ওই ব্যক্তি। কিন্তু, পারলেন না। বোতলটিকে ফ্রিজের উপর রেখে দিলেন তিনি। আঁকসিটা সাপের মাথার কাছেই চেপে রাখলেন। এর পর অপর হাতের সাহায্যে সাপটির লেজ ধরে সেটিকে টেনে বার করে আনলেন তিনি। লেজ ধরে বেশ কিছুক্ষণ সাপটিকে নাড়ালেন ওই ব্যক্তি। তার পর সাপটিকে বোতলের ভিতর ভরে দিলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
‘রিকিচন্দ্রসানেকম্যান’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে আতঙ্কিত নেটপাড়া।