ঝাড়খণ্ডের পাহাড়ি রাস্তায় বিপত্তি। খাড়াই পথ বেয়ে ওঠার সময় যাত্রীবোঝাই বাসের ‘ব্রেক’ খারাপ হয়ে গেল। চালক বহু চেষ্টা করেও বাসটি দাঁড় করাতে পারলেন না। সেটি পিছন দিকে গড়াতে শুরু করল। বাসে থাকা যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক। সৃষ্টি হল বিশৃঙ্খলা। একদল যাত্রী ভয়ে চিৎকার করতে থাকলেন। অনেকে প্রাণ বাঁচানোর তাগিদে বাস থেকে ঝাঁপ মারলেন। শেষমেশ কন্ডাক্টরের তৎপরতায় এড়াল বড় দুর্ঘটনা। কী এমন করলেন তিনি? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চড়াই রাস্তায় রয়েছে একটি বাস। প্রাথমিক ভাবে সেটিকে দেখে সামনের দিকে এগিয়ে আসছে বলে মনে হলেও, খানিক পরেই বোঝা গেল আসল ঘটনা। বাসটি আদতে এগোনোর বদলে পিছিয়ে চলেছে। চড়াই রাস্তার ঢাল বেয়ে নিজে থেকেই নেমে যাচ্ছে বাসটি। রাস্তার উল্টো দিক দিয়ে বাসটির দিকে ধেয়ে আসছে বহু গাড়ি। সেই তালিকায় রয়েছে বিরাট বিরাট লরি, বাইক প্রভৃতি। এ দিকে, ইতিমধ্যে বিপদের আশঙ্কায় বাসের ভিতরে যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় প্রবল বিশৃঙ্খলা।
আরও পড়ুন:
বেশ কয়েক জন যাত্রী বাসের দরজা থেকে লাফ মেরে নীচে নামতে শুরু করেন। একের পর এক যাত্রীকে বাস থেকে রাস্তায় ঝাঁপ মারতে দেখা গেল। রাস্তার উপর লুটিয়ে পড়লেন তাঁদের কেউ কেউ। এরই মধ্যে মাথা ঠান্ডা রেখে বাসটিকে আটকানোর পন্থা খুঁজে বার করলেন কন্ডাক্টর। তিনি রাস্তার ধার থেকে পাথর তুলে এনে বাসটির চাকাগুলির পিছনে রাখতে শুরু করলেন। এর ফলে, কিছুক্ষণ পর বাসটি দাঁড়িয়ে গেল। কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধির জেরে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হল। উল্টো দিক থেকে ছুটে আসা গাড়িগুলিও এর পর একে একে দাঁড়িয়ে গেল। সেই সমস্ত গাড়ি থেকে অনেকে নেমে বাসটির কাছে এগিয়ে গেলেন। সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হননি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ইন্ডিয়াইন২৪আওয়ার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রচুর প্রতিক্রিয়া এবং মন্তব্য জমা পড়েছে। অধিকাংশ নেটাগরিক কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কন্ডাক্টরই আসল নায়ক।’’