কুরিয়র অফিসে গাড়িবোঝাই পার্সেল এসেছে। সংস্থার দুই কর্মী গাড়ি থেকে সে সমস্ত পার্সেল নামাচ্ছিলেন। এমন সময় ঘটল বিপত্তি। গাড়ির ভিতর সশব্দে ফেটে গেল একটি পার্সেল। চারপাশ ঢাকল সাদা ধোঁয়ায়। সেই বিস্ফোরণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মহারাষ্ট্রের লাতুরের বিলাসরাও দেশমুখ মার্গে অবস্থিত একটি কুরিয়র অফিসের সামনে ঘটেছে। শনিবার সকাল ১০টা নাগাদ গাড়িটি থেকে পার্সেল নামাচ্ছিলেন কর্মীরা। সেই সময় বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে খবর। গাড়ির ভিতর থেকে যে ব্যক্তি পার্সেল নামাচ্ছিলেন, তিনি অল্প চোট পান। কিন্তু গাড়ির বাইরে দাঁড়িয়ে যিনি পার্সেলগুলি স্থানান্তর করছিলেন, সেই ব্যক্তি গুরুতর চোট পেয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’জনেই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফরেন্সিক বিশেষজ্ঞের দল এবং সন্ত্রাস দমন স্কোয়াড আসে। ওই পার্সেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পার্সেলটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে লাতুরের বন্দুক ঘর নামের একটি দোকানে পাঠানো হয়েছিল। সেই দোকানে এয়ারগান বিক্রি হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পার্সেলটিতে একটি এয়ারগান এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসপূর্ণ কার্তুজ রাখা ছিল। বিস্ফোরণের দু’দিন আগে পার্সেলটি এসে পৌঁছোয়। দু’দিন ধরে সেটি গাড়ির ভিতরই ছিল। গাড়িটি পার্ক করা ছিল রোদে। পুলিশ সন্দেহ করছে, দীর্ঘক্ষণ রোদে থাকার ফলেই তাতে বিস্ফোরণ হতে পারে। কার্তুজগুলির একে অপরের সঙ্গে ঘষা লাগার ফলেও এমনটি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পার্সেলটিতে যে অন্য কোনও বিস্ফোরক ছিল না, সেটা এখনই হলফ করে বলতে পারছে না পুলিশ। ফরেন্সিক ল্যাবের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। পার্সেলটি কে, কার জন্য পাঠিয়েছিলেন সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িবোঝাই পার্সেল। গাড়ির ভিতর থাকা এক তরুণ একটি করে পার্সেল এনে বাইরের দিকে রাখছেন। অপর এক তরুণ গাড়ির বাইরে দাঁড়িয়ে জল খাচ্ছেন। গাড়ির ভিতর থাকা তরুণ একটি পার্সেল ভিতর থেকে এনে সামনের দিকে রাখলেন। পার্সেলটি নীচে রাখতেই ঘটল বিপত্তি। সেটি ফেটে গেল। চারপাশ ঢাকল সাদা ধোঁয়ায়। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে আতঙ্কে নেটপাড়া।