আবাসনের পার্কে পোষ্য সারমেয়কে হাঁটান তরুণী। স্বভাববশত কুকুরটি সেখানেই মল-মূত্র ত্যাগ করে। বিষয়টি প্রতিবেশী তরুণের পছন্দ হয়নি। তিনি চাননি তরুণী পোষ্যকে নিয়ে সেখানে হাঁটতে বেরোন। সেই কারণে তরুণীর সঙ্গে বচসায় জড়ালেন তরুণ। মেরে পোষ্য সারমেয়র পা ভেঙে ফেলারও হুমকি দিলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটানটি গ্রেটার নয়ডার একটি আবাসনে ঘটেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের ভিতর পার্কে বসে গল্প করছেন অনেকে। সেই পার্কের পাশের রাস্তা ধরে পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটছেন তরুণী। পোষ্যের গলায় বাঁধা লিজ়টি তিনি শক্ত করে ধরে রেখেছেন। কুকুরটিকে দেখে মনে হচ্ছে বাইরে বেরিয়ে বেশ খুশি সেটি। এমন সময় এক তরুণ লাঠি হাতে এগিয়ে এলেন তরুণীর দিকে। হুমকি দিলেন তরুণীর পোষ্যের পা ভেঙে দেওয়ার। তরুণী আঙুল তুলে তরুণকে বললেন ভদ্র ভাবে কথা বলতে। তাতে তরুণের রাগ যেন আরও বেড়ে গেল। তিনি রাগে গজ গজ করতে করতে এগিয়ে এলেন তরুণীর দিকে। তরুণের এ হেন রূপ সারমেয়র মনে ধরল না। সেটি ভৌ ভৌ করে তরুণের দিকে তেড়ে গেল। তরুণ লাঠি উঁচিয়ে সেটিকে মারতে গেলেন। তরুণী তৎক্ষণাৎ কুকুরটির লিজ় ধরে টেনে সেটিকে শান্ত করলেন। পোষ্যকে নিয়ে এগোতে শুরু করলেন তরুণী। কিন্তু তরুণের মাথা তখনও ঠান্ডা হল না। তিনি তরুণীর পিছু নিলেন। চিৎকার করে বলে চললেন, ‘‘তোমার কুকুরের মল-মূত্রের মধ্যে আমাদের বাচ্চারা কেন খেলবে?’’ তরুণীও তরুণের উদ্দেশে কিছু একটা কথা বললেন যা ভিডিয়োয় স্পষ্ট শোনা গেল না। তরুণ এ বার তরুণীকে অসভ্য বললেন। তরুণী পাত্তা না দিয়ে পোষ্যকে নিয়ে চলে গেলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘মণীশকেতিওয়ারি৮১’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে সাড়ে চার লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর প্রতিক্রিয়া এবং মন্তব্য জমা পড়েছে। অধিকাংশ নেটাগরিক তরুণের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তবে অনেকে তরুণীর বিপক্ষেও কথা বলেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘একটা মেয়ের সঙ্গে আপনি এ ভাবে কথা বলতে পারেন না। সমস্যার কথা ভাল ভাবেও জানাতে পারতেন।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাচ্চাদের খেলার জায়গায় কখনও কুকুরকে মল-মূত্র ত্যাগ করাতে নেই। তরুণীর মাথায় এতটুকু বুদ্ধিও নেই নাকি!’’