তেলঙ্গনায় বাইক নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা। ধেয়ে এল চারচাকা। বাইকটিকে দেখেও গাড়িচালক গতি কমালেন না। সজোরে ধাক্কা মারলেন বাইকটিকে। বাইক-সহ কার্যত উড়ে গেলেন প্রৌঢ় চালক। ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি তেলঙ্গনার করিমনগর জেলার পিত্তালাপল্লির বোইনপল্লি রাস্তায় ঘটেছে। বাইকচালকের নাম মল্লায়া। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা প্রথমে রাস্তায় বাইকচালককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেও সাহায্যের জন্য এগিয়ে যাননি। পরে প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গাড়িচালকের খোঁজে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চার রাস্তার মোড়। ছোট রাস্তা দিয়ে বাইক নিয়ে বড় রাস্তার দিকে এগিয়ে আসছেন এক প্রৌঢ়। সেই সময় বড় রাস্তা ধরে ছুটে এল একটি গাড়ি। বাইকচালককে দেখেও চারচাকার চালক গতি কমালেন না। বাইকচালকও এগিয়ে যেতে লাগলেন। তখনই ঘটল বিপত্তি। চারচাকার সঙ্গে দু’চাকার ধাক্কা লাগল। বাইকটি ছিটকে রাস্তার ধারে গিয়ে পড়ল। ধাক্কার অভিঘাতে সেটির কিছু অংশ ভেঙে রাস্তার উপর ছড়িয়ে পড়ল। প্রৌঢ় রীতিমতো উড়ে গিয়ে রাস্তার অপর পাশে পড়লেন। রাস্তার উপর পড়ে যন্ত্রণায় ছটফট করে চললেন প্রৌঢ়। আশপাশ থেকে ছুটে চলল একাধিক দু’চাকা। কিন্তু কেউ প্রৌঢ়কে সাহায্য করতে এগিয়ে গেলেন না। তিনি বহু চেষ্টা করে রাস্তার উপর উঠে বসলেন। কিন্তু তার পর আর নড়াচড়া করার শক্তি পেলেন না। সে ভাবেই বসে রইলেন। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ভি৬নিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৯৮ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। পথচারীদের কীর্তি দেখে বিস্মিত নেটপাড়া। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘যত দিন যাচ্ছে, মানুষের দয়ামায়া তত লোপ পাচ্ছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘প্রৌঢ়কে কাতরাতে দেখেও কেউ সাহায্যর জন্য এগোলেন না, ছিঃ!’’