অনুমতি ছাড়া তাইল্যান্ড সফর! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উজ্জৈনের এক পুর কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ভাবছে প্রশাসন। জানা গিয়েছে মধ্যপ্রদেশের উজ্জৈনের ওই পুর নিগমের বিল্ডিং অফিসারের নাম রাজকুমার রাঠৌর। অভিযোগ, দফতরে না জানিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তাঁর এবং স্ত্রীর কুমিরের মাংস খাওয়ার চেষ্টার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁর বিদেশ ভ্রমণের কথা ফাঁস হয়। ইতিমধ্যেই পুরকর্তার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজকুমার বর্তমানে উজ্জৈন পুর নিগমের ১, ২ ও ৩ নম্বর জ়োনের বিল্ডিং অফিসার হিসেবে কর্মরত। সম্প্রতি সস্ত্রীক তাইল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি। সেখানে রাজকুমার তাঁর স্ত্রীর সঙ্গে কুমিরের মাংস খাওয়ার চেষ্টা করছেন— এমন একটি ভিডিয়ো সোমবার সমাজমাধ্যমে ছড়ায়। ভিডিয়োর সঙ্গে ইংরেজিতে একটি ক্যাপশনে লেখা ছিল, ‘‘তাইল্যান্ডে প্রথম বারের মতো কুমিরের মাংস খাওয়ার অভিজ্ঞতা।’’ ভিডিয়োটি নজরে আসে পুর কর্তৃপক্ষের।
উজ্জৈন পুর কর্তৃপক্ষে সূত্রে খবর, ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ছুটি নিয়েছিলেন রাজকুমার। কিন্তু বিদেশ ভ্রমণের জন্য ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীদের অন্য কোনও দেশে যাওয়ার আগে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয়। কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হলে রাজকুমারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে আনুষ্ঠানিক তিরস্কার, বেতনবৃদ্ধি স্থগিত রাখা অথবা পদোন্নতি বন্ধ করে দেওয়া।
আরও পড়ুন:
রাজকুমার এবং তাঁর স্ত্রীর যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা দিয়েছে, দম্পতি তাইল্যান্ডের রাস্তায় বিভিন্ন খাবার দোকান ঘুরে দেখছেন। তখনই তাঁদের একটি দোকানে সাজিয়ে রাখা কুমিরের খুলি স্পর্শ করতে এবং একটি দোকানের বাইরে কুমিরের মাংস খাওয়ার চেষ্টা করতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
রাজকুমার এবং তাঁর স্ত্রীর তাইল্যান্ড সফরের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘আইএনএইচ২৪X৭’ এবং ‘আইএনউজ্জৈন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার এই ঘটনাটিকে ‘কুমিরের অভিশাপ’ বলে রসিকতা করেছেন।