Advertisement
E-Paper

চলছে অর্ণবের তাণ্ডব! সৈকত পেরিয়ে রাস্তায় উত্তাল সমুদ্রের জল, ছিটকে পড়লেন বাইকচালক, প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ায় উত্তর চেন্নাইয়ের এন্নোরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্রের ধারের রাস্তা জলে থইথই। সেই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছে গাড়ি, বাইক, অটো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১১:২৯
Visual of rough seas at Ennore in North Chennai as Cyclone Arnab approaches

ছবি: এক্স থেকে নেওয়া।

শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব। মঙ্গলবার গভীর রাত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আছড়ে পড়তে শুরু করেছে অতি তীব্র এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় উপকূলের কী অবস্থা, সে সংক্রান্ত একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। সে রকমই একটি ভিডিয়োয় ঘূর্ণিঝড়ের ভয়াবহতা এবং উত্তাল সমুদ্রের দৃশ্য ধরা পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ায় উত্তর চেন্নাইয়ের এন্নোরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্রের ধারের রাস্তা জলে থইথই। সেই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছে গাড়ি, বাইক, অটো। এমন সময় সমুদ্রের উত্তাল একটি ঢেউ এসে পড়ল রাস্তায়। ঢেউয়ের অভিঘাতে উল্টে গেলেন এক বাইকচালক। অন্য এক বাইকচালক এবং এক অটোচালক কোনও মতে ধাক্কা সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন বাহন নিয়ে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ওই রাস্তায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নবিলা জামাল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

মঙ্গলবার গভীর রাত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আছড়ে পড়তে শুরু করে অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব। অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫-১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও কোথাও ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মৌসম ভবন জানিয়েছে, প্রথমে অর্ণবের উত্তরের সর্পিল অংশ ঢুকে পড়ে উপকূলে। কেন্দ্রভাগ অর্থাৎ ঘূর্ণিঝড়ের ‘আই’ স্থলভাগের খুব কাছাকাছি রয়েছে। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে অন্ধ্রপ্রদেশে। এ ছাড়া ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও চলছে ঝড়ের তাণ্ডব।

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল ও ইয়ানামের দক্ষিণের কাছাকাছি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করছে স্থলভাগে। ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শেষ হওয়া পরেই শক্তি হারাতে শুরু করবে অর্ণব। এর পর সেটির উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ণবের প্রভাবে অন্ধ্রের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকীনাডা, কোনাসীমা জেলার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। ঝড়ের কারণে উপড়ে গিয়েছে বহু গাছ। উত্তাল সমুদ্র। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগেই উপকূলবর্তী এলাকা খালি করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনী রাস্তা থেকে ভেঙে পড়া গাছগুলি দ্রুত সরানোর চেষ্টা করছে। ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। বেশ কিছু বিমান বাতিলও হয়েছে। ওড়িশার গোপালপুর, পুরী-সহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। অন্ধ্র এবং ওড়িশায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রভাব পড়েছে ট্রেন পরিষেবাতেও।

সংক্ষেপে
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে।
  • ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হবে মঙ্গলবার থেকে।
  • বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
Cyclone Cyclone Eye Andhra Pradesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy