ছট পূজার জন্য বিমানে বাড়ি ফিরলেন বিহারের এক তরুণ শ্রমিক। খরচ করলেন পুরো এক মাসের বেতন। বিমানের ভিতরে পেলেন জমকালো অভ্যর্থনা। মন ভাল করা সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
জানা গিয়েছে, বিহারের ওই তরুণের নাম শত্রুঘ্ন কুমার। নালন্দা জেলার বাসিন্দা তিনি। বাড়ি ফেরার জন্য গ্রামের মানুষকে দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণ করতে তাঁর পুরো মাসের উপার্জনের প্রায় সমপরিমাণ অর্থ ব্যয় করে বিমানের টিকিট কিনেছিলেন শত্রুঘ্ন। কারণ, গ্রামবাসীদের তিনি কথা দিয়েছিলেন, এ বছরের ছটপুজোয় তিনি বিমানে করে বাড়ি ফিরবেন।
আরও পড়ুন:
বিমান সংস্থা ইন্ডিগোর বিমানে শত্রুঘ্নের ভ্রমণের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। এক্স-এ শেয়ার করা বিভিন্ন পোস্ট অনুযায়ী, শত্রুঘ্ন গ্রামবাসীদের জানিয়েছিলেন যে, এ বার তিনি বিমানে করে বাড়ি ফিরবেন। বিমানে ভ্রমণের সময় এক বিমানসেবিকা শত্রুঘ্নকে তাঁর এই যাত্রার বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি সেই প্রতিশ্রুতির কথা জানান।
আরও পড়ুন:
‘আই লাভ বঙ্গাইগাঁও’ হ্যান্ডল থেকে শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিয়োয় দেখা গিয়েছে, শত্রুঘ্ন বিমানের ভেতরে বসে আছেন। তিনি চারপাশের পরিবেশ দেখে হাসিমুখে পুরো অভিজ্ঞতাটি উপভোগ করছেন। ভিডিয়োর ক্যাপশনে তাঁকে তরুণ শ্রমিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ-ও দাবি করা হয়েছে যে, বিমানে চড়ে বাড়ি ফেরার জন্য তিনি তাঁর পুরো মাসের উপার্জনের প্রায় পুরোটাই খরচ করে ফেলেছেন। এতে আরও বলা হয়েছে, গ্রামে পৌঁছোনোর পর তাঁকে বেশ ধুমধাম করে স্বাগত জানানো হয়েছে। সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় অনেক বিষয়স্রষ্টা এবং ইউটিউবার শত্রুঘ্নের গ্রামে গিয়ে তাঁর সাক্ষাৎকারও নিয়েছেন।
আরও পড়ুন:
অনলাইনে অনেকেই শত্রুঘ্নের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, নিজের কষ্টার্জিত অর্থ তরুণ কী ভাবে খরচ করবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। নেটাগরিকদের অনেকে আবার তরুণের প্রতিশ্রুতি রক্ষার প্রশংসা করেছেন।