Advertisement
E-Paper

সেন্সরের আওয়াজে বিরক্ত, মহিলা আইনজীবীর গাড়ি জ্বালিয়ে দিলেন যুবক, ক্যামেরাবন্দিও করলেন দৃশ্য!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার গুজরাতের মোরবীর ওয়াঘপারা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, গাড়ির সেন্সর বার বার বেজে ওঠায় বিরক্ত হয়ে ওয়াঘপারা এলাকার বাসিন্দা এক যুবক তাঁর প্রতিবেশীর দাঁড় করিয়ে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১০:২২
Video shows man sets lawyer’s car on fire over sensor noise in Gujarat, police detains him

ছবি: এক্স থেকে নেওয়া।

গাড়ির সেন্সর থেকে বার বার শব্দ। বিরক্ত হয়ে এক মহিলা আইনজীবীর গাড়িতে আগুন ধরিয়ে দিলেন প্রতিবেশী যুবক! ঘটনাটি ঘটেছে গুজরাতের মোরবীতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার গুজরাতের মোরবীর ওয়াঘপারা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, গাড়ির সেন্সর বার বার বেজে ওঠায় বিরক্ত হয়ে ওয়াঘপারা এলাকার বাসিন্দা এক যুবক তাঁর প্রতিবেশীর দাঁড় করিয়ে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেন। অভিযুক্ত শিখর গোহেল নামে ওই যুবক প্রথমে গাড়ির উপর পেট্রল ঢেলে দেন। এর পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর পুরো দৃশ্যটি নিজের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন। যাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাঁর নাম পুষ্পা ভট্ট। পেশায় আইনজীবী তিনি।

পুষ্পার অভিযোগ, বুধবার বিকেল পৌনে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। তাঁর গাড়িটি বাড়ির কাছে দাঁড় করানো ছিল। এমন সময় প্রতিবেশী শিখর পেট্রলের একটি বোতল নিয়ে গাড়িটির কাছে যান এবং গাড়ির বনেটের উপর ও সামনের অংশে পেট্রল ঢেলে দেন। এর পর তিনি দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন গাড়িটিতে। ঘটনাটির সবচেয়ে উদ্বেগজনক দিক হল, গাড়িতে আগুন ধরিয়েও অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালাননি। গাড়িটি দাউ দাউ করে জ্বলার ঘটনাটি নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন। কাছাকাছি থাকা সিসিটিভি ক্যামেরায় গাড়িতে আগুন ধরানোর আগের মুহূর্ত-সহ পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিযুক্ত যুবক একটি বোতল হাতে দাঁড়িয়ে থাকা গাড়িটির কাছে এগিয়ে এসে পেট্রল ঢালছেন। কিছু ক্ষণ পরেই তিনি পেট্রলে আগুন ধরিয়ে দেন। ফলে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন বাড়তে থাকলে অভিযুক্ত গাড়ি থেকে কিছুটা দূরে সরে যান এবং নিজের মোবাইল ফোনে জ্বলন্ত গাড়িটির ভিডিয়ো রেকর্ড করতে থাকেন। আশপাশে মানুষজন চলাচল করলেও তোয়াক্কা না করেই ভিডিয়ো রেকর্ড করা চালিয়ে যান তিনি।

জানা গিয়েছে, প্রতিবেশীর গাড়িতে অগ্নিসংযোগ করার এবং সেই দৃশ্য রেকর্ড করার পর অভিযুক্ত শিখর অন্য একটি গাড়িতে উঠে ঘটনাস্থল ছেড়ে পালান। মোরবী ‘এ’ ডিভিশন থানায় অভিযোগ দায়ের করেন পুষ্পা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় শিখর স্বীকার করেছেন, পুষ্পার গাড়ির সেন্সর থেকে বার বার শব্দ আসায় তিনি বিরক্ত হয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেন।

মহিলা আইনজীবীর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘দেশগুজরাত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Gujarat Car Fire Lawyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy