অভাবনীয় অভিজ্ঞতার সম্মুখীন হতে হল দিল্লির একটি সরকারি বাসে ভ্রমণরত যাত্রীদের। স্কুল থেকে ফেরার পথে কয়েক জন খুদে পড়ুয়া বাসে রাখা অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) নিয়ে এমন কাণ্ড ঘটাল যে, ধোঁয়ায় ঢেকে গেল পুরো বাস। মুহূর্তের মধ্যে বাসটি এতটাই ঘন ধোঁয়ায় ভরে উঠল যে, যাত্রীরা শ্বাস নিতে না পেরে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে দিলেন। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ডিটিসি বাসটি যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। সেই ভিড়ে জনা কয়েক স্কুলের ছাত্রও ছিল। যাত্রাপথে ওই খুদে পড়ুয়ারা বাসের ভিতরে বসানো অগ্নিনির্বাপক সিলিন্ডার দেখতে পায়। এর পর, স্রেফ মজা করতে অগ্নিনির্বাপক যন্ত্রের সেফটি পিনটি খুলে লিভারে চাপ দেয় তারা! লিভার চাপার সঙ্গে সঙ্গে সিলিন্ডার থেকে তীব্র বেগে গ্যাস এবং পাওডার বেরিয়ে আসে। সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে পুরো বাস। কাশতে শুরু করেন যাত্রীরা। অনেকেই ভাবেন, বাসে আগুন ধরে গিয়েছে। আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তাঁরা। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বাসের মধ্যে। ধোঁয়ায় চোখ জ্বালা করতে শুরু করলে যাত্রীরা কাশতে কাশতেই জানালা এবং দরজার দিকে ছুটে যান। চালক দ্রুত তৎপর হয়ে বাসটিকে রাস্তার পাশে থামান এবং যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ডিটিসি_ড্রাইভার_লাভার্স_৬১২’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রতিক্রিয়া এবং মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ঘটনাটি কি নিছকই শিশুদের দুষ্টুমি, না কি চরম দায়িত্বজ্ঞানহীনতা? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।