বিমানের জানালার আবরণ নড়ব়ড়ে। যাত্রীরা সমবেত হয়ে অভিযোগ জানালেও বিমান সংস্থার কর্মীর ‘পরামর্শ’, ‘‘না চাইলে বিমানে চড়বেন না’’! তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি, ঘটনাটি বিমান সংস্থা স্পাইসজেটের একটি বিমানে ঘটেছে। ওই কর্মীর মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজা ডট কম।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্পাইসজেটের একটি বিমানে যাত্রীরা জানালার একটি ঢিলে হয়ে যাওয়া অংশ নিয়ে বিমান সংস্থার কর্মীদের মুখোমুখি হয়েছেন। একটি আসনের পাশে জানালার ওই অংশটির বেহাল দশা দেখে কর্মীদের কাছে এ বিষয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। তাঁরা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানতে চান, বিমানটি ভ্রমণের জন্য আদৌ নিরাপদ কি না। কথোপকথনের এক পর্যায়ে বিমানের এক জন কর্মী এক তরুণী যাত্রীকে বলেন, এতে কোনও সমস্যা নেই। তিনি আরও পরামর্শ দেন, যদি যাত্রী অস্বস্তি বোধ করেন, তবে তিনি চাইলে ভ্রমণ না-ও করতে পারেন! তবে, যাত্রী এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং জোর দিয়ে বলেন, এই সমস্যার জন্য যাত্রীরা দায়ী নন। তর্ক-বিতর্ক চলার সময় এক জন যাত্রী জানান, তিনি পুরো ঘটনাটি রেকর্ড করতে চান। এর পর বিমানকর্মী তাঁকে ভিডিয়ো করার অনুমতি দেন এবং আবারও দাবি করেন, বিমানটি উড়ানের জন্য নিরাপদ। তিনি মন্তব্য করেন, যে সব যাত্রী ভ্রমণ করতে ইচ্ছুক নন, তাঁরা চাইলে বিমানে না চড়ার সিদ্ধান্ত নিতে পারেন। এর পর অন্য যাত্রীরাও তর্কে জড়িয়ে পড়েন। তাঁরা যুক্তি দেন, সবাই ভ্রমণের উদ্দেশ্যেই এসেছেন। তাই বিমানকর্মীরা যাত্রীদের উদ্বেগের বিষয়টিকে এ ভাবে এড়িয়ে যেতে পারেন না। এক জন যাত্রী বিমানকর্মীর দেওয়া নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে বিমানকর্মী জানান, বিমানটির নিরাপত্তার দায়িত্ব তাঁরা নিজেরাই নিচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় ওই বিমানকর্মীর গলায় স্পাইসজেটের আইডি কার্ড দেখা গিয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘এয়ারক্রু.ইন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে বিমান সংস্থার কর্মীদের প্রতিক্রিয়া নিয়েও সমালোচনা শুরু হয়েছে। তবে, জানালার ঠিক কোন অংশটি ঢিলে ছিল, বিমানটির সামগ্রিক অবস্থা কেমন ছিল, কিংবা আনুষ্ঠানিক ভাবে জানালার নিরাপত্তা যাচাই করা হয়েছিল কি না, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।