Advertisement
E-Paper

ইউক্রেনের স্টেশনে রুশ ড্রোনের হামলা! আছড়ে পড়ল যাত্রিবাহী ট্রেনের সামনে, নিহত কমপক্ষে ১৩, প্রকাশ্যে ভিডিয়ো

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সে দেশের দিনিপ্রো শহরের রেলওয়ে স্টেশনে ড্রোনটি আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:৩৫
13 Killed and many injured as Russian drone hit Ukraine station, video surfaces

ছবি: এক্স থেকে নেওয়া।

ইউক্রেনের রেল স্টেশনে ড্রোন হামলা। রুশ ড্রোন এসে আছড়ে পড়ল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রিবাহী ট্রেনের সামনে! ওই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। আহত অন্তত ১০। বৃহস্পতিবার সকালে দিনিপ্রো রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। স্টেশনের প্ল্যাটফর্মে তখন একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই সময়েই সেখানে আঘাত হানে রাশিয়ার ছোড়া ড্রোন। সেই ঘটনা সংক্রান্ত একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়ো পোস্ট করেছেন খোদ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ইউক্রেনের দিনিপ্রো শহরের রেলওয়ে স্টেশনে রাশিয়ার ড্রোনটি আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পরই শহরের মেয়র বরিস ফিলাতভ সমাজমাধ্যমে লিখেছেন, “দিনিপ্রোয় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি ড্রোন যাত্রিবাহী বৈদ্যুতিক ট্রেনে আঘাত হেনেছে। এতে অনেকে নিহত হয়েছেন। অনেকে আহত।”

ইউক্রেনের রেল কর্তৃপক্ষও জানিয়েছেন, দিনিপ্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা ৮৬৬ নম্বর ট্রেনটির জাপোরিঝিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময়েই রাশিয়া একটি জেট-চালিত ড্রোন ব্যবহার করে হামলা চালায়। ড্রোনটি যখন আঘাত হানে, তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল এবং প্ল্যাটফর্মে অনেক মানুষ অপেক্ষা করছিলেন। ফলে, স্বাভাবিক ভাবেই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধারকারীরা ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছেন। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেছে চিকিৎসাদলও।

ইউক্রেনের রেল কর্তৃপক্ষ একটি টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘শত্রুপক্ষ দিনিপ্রো রেলওয়ে স্টেশনে একটি জেট-চালিত ড্রোন (ইউএভি) দিয়ে হামলা চালিয়েছে। ড্রোনটি স্টেশনের একটি প্ল্যাটফর্মে আঘাত হানে। সেখানে ৮৬৬ নম্বর ট্রেনটি (দিনিপ্রো-জাপোরিঝিয়া রুটের) দাঁড়িয়ে ছিল। উচ্চ ঝুঁকির সতর্কতা জারি ছিল। তবুও, প্ল্যাটফর্মে অনেক মানুষ উপস্থিত ছিলেন।’’

রেলওয়ে স্টেশনে রাশিয়ার এই ‘ভয়াবহ’ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে ঘটনার একাধিক ছবি এবং ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘‘রাশিয়ার কিছু অলিগার্ক (ধনী ব্যবসায়ী) এবং জ্বালানি খাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে রাশিয়া আমাদের জনগণের উপর ঠিক কতগুলি সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে? অথচ, পরিস্থিতি শান্ত হওয়ার কথা ছিল।’’

Viral Video Drone Attack Ukraine Drone Attack Russia Ukraine War

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy