Advertisement
E-Paper

‘প্রতিবাদী মেয়েদের কেউ বিয়ে করে না’, ক্যাবচালকের মন্তব্যে বিস্মিত তরুণী, দিলেন সপাট জবাব, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘ইট্‌স__লয়্যার্ল’ নামের একটি হ্যান্ডল থেকে। ভিডডিয়ো ক্লিপটিতে লেখা ছিল, ‘‘প্রতিবাদী নারীদের সম্পর্কে সমাজ আসলে কী ভাবে, তা আপনি হয়তো অজান্তেই শুনে ফেললেন।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৩:৪৪
woman slams cab driver for bizarre remark on women

ছবি: ইনস্টাগ্রাম।

সেই মহিলারা, যাঁরা প্রতিবাদ করেন, তাঁদের কখনও বিয়ে হবে না। যাত্রাপথে এমনই মন্তব্য করেছিলেন এক ক্যাবচালক! সপাটে তার জবাব দিলেন তরু‌ণী যাত্রী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি ক্যাবযাত্রার সময় পরিস্থিতি অপ্রত্যাশিত মোড় নেয়, যখন চালক সামাজিক বিষয়ে প্রতিবাদী এবং সোচ্চার নারীদের নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, যে সব নারী পুরুষদের বিরুদ্ধে স্লোগান দেন, তাঁদের পক্ষে বিয়ে করা কঠিন হতে পারে। তবে, ক্যাবে থাকা তরুণী যাত্রী তাঁর সেই মন্তব্যের সঙ্গে একমত হননি। তিনি সহজ ভাবে উত্তর দেন, ‘‘দাদা, হয়তো সেই নারী বিয়েই করতে চান না।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজ কী ভাবে প্রায়শই এক নারীর ব্যক্তিগত পছন্দকে তাঁর বিয়ের সম্ভাবনার সঙ্গে জুড়ে দেয়, ভিডিয়োটি দেখে তা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘ইট্‌স__লয়্যার্ল’ নামের একটি হ্যান্ডল থেকে। ভিডডিয়ো ক্লিপটিতে লেখা ছিল, ‘‘প্রতিবাদী নারীদের সম্পর্কে সমাজ আসলে কী ভাবে, তা আপনি হয়তো অজান্তেই শুনে ফেললেন।’’

পোস্টটি যিনি করেছেন, তিনি জানান, ক্যাবে ভ্রমণের সময় তিনি তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বন্ধুদের ‘ভাই’ বলে সম্বোধন করছিলেন, যা নিয়ে চালক মন্তব্য করে বসেন। ভিডিয়োতে দেওয়া তথ্য অনুযায়ী, চালক তাঁকে মহিলা বন্ধুদের ‘ভাই’ বলে না ডাকার পরামর্শ দেন। তিনি আরও প্রশ্ন তোলেন, যে সব নারী সামাজিক বিষয়ে প্রতিবাদ করেন এবং পুরুষবিরোধী স্লোগান দেন, তাঁদের সঙ্গে কি আদৌ কেউ বিয়ে করতে চাইবেন? ভিডিয়োয় চালককে বলতে শোনা যায়, ‘‘কেউ কি আর ওই মহিলাকে বিয়ে করবে? কেউ করবে না।’’ এর পরেই মুখ খোলেন ওই তরুণী। শান্ত গলায় মন্তব্য করেন, ‘‘দাদা, হয়তো সেই মহিলা বিয়েই করতে চান না।’’

ভিডিয়োয় আরও উল্লেখ করা হয়েছে, নারীরা কেন প্রতিবাদে অংশ নিচ্ছেন বা তাঁরা কীসের জন্য লড়াই করছেন, সে বিষয়ে আলোচনা করেননি ক্যাবচালক। পরিবর্তে আলোচনার মোড় দ্রুত ঘুরে যায়, কেউ তাঁদের বিয়ে করবে কি না, তা নিয়ে। চালক আরও মন্তব্য করেন, প্রতিবাদী নারীরা বিয়ে না করলেও, শেষ পর্যন্ত বিয়ের সঙ্গে সম্পর্কিত সব কাজ তাঁদেরই করতে হবে।

ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি, ক্যাবচালকের সঙ্গে কথা বলার সময় কোন বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তা নিয়েও কথা বলেছেন ওই তরুণী। ক্যাপশনে লেখা ছিল, “ক্যাবচালকের মন্তব্যের থেকেও আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাঁর মানসিকতা। নারীরা যখন তাঁদের নিরাপত্তা, অধিকার কিংবা সমাজের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন কেন আলোচনার মোড় দ্রুত তাঁদের বিয়ের সম্ভাবনার দিকে ঘুরে যায়? এক জন নারীর ভবিষ্যৎ কেন এখনও এই মাপকাঠিতেই বিচার করা হয় যে, কোনও পুরুষ তাঁকে বিয়ে করতে চাইবে কি না?”

তরুণীর পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, “এক জন মহিলা বিয়ে করবেন কি করবেন না, সেটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত। এমনকি, তিনি যদি অবিবাহিতা থাকার সিদ্ধান্তও নেন, তবে সেটিও তাঁর একান্তই নিজস্ব পছন্দ। তিনি আপনার ক্যাবে চড়েছেন গন্তব্যে যাওয়ার জন্য, আপনার কাছ থেকে নিজের জীবন নিয়ে কোনও মতামত শোনার জন্য নয়।’’

Viral Video cab driver Woman Progress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy