দুবাইয়ে আয়োজিত ‘ফেস-অফ’ (মুখোমুখি পর্ব) ইভেন্টে পাকিস্তানি প্রতিপক্ষকে সপাটে চড় মারলেন এক জন ভারতীয় বক্সার। ‘ফিউরি বাই দ্য সি মুকা বক্সিং’ নামে সেখানকার একটি প্রচারমূলক অনুষ্ঠানের মঞ্চে মুখোমুখি হওয়ার সময় ভারতীয় নেটপ্রভাবী তথা বক্সার মণীশ শর্মা এবং তাঁর পাকিস্তানি প্রতিপক্ষ রহিম পরদেশির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছোয়। রহিম মঞ্চে লাফাতে লাফাতে কাছাকাছি এলে তাঁকে চড় মেরে দেন মণীশ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভারতীয় বক্সার মণীশ পরিচিত ‘হাফ ইঞ্জিনিয়র’ নামে। অভিযোগ, ম্যাচের আগে হওয়া সাংবাদিক সম্মেলনে রহিম পরদেশি কটূক্তি ও নানা অঙ্গভঙ্গির মাধ্যমে মণীশকে উত্যক্ত করেছিলেন। এর জেরেই পরবর্তীতে মুখোমুখি হওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তখনই রহিমকে চড় মেরে বসেন মণীশ। পরিস্থিতি সামলাতে সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করেন এবং দুই বক্সারকে আলাদা করে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
মণীশ শর্মা একজন নেটপ্রভাবী। পরে, বক্সিংয়ের জগতে প্রবেশ করেন তিনি। অন্য দিকে, রহিমও পাকিস্তানের এক জন জনপ্রিয় নেটতারকা এবং বক্সার। আগামী ৬ নভেম্বর দুবাইয়ের নিকি সৈকতে তাঁদের বহু প্রতীক্ষিত একটি অনুষ্ঠান হওয়ার কথা। সেই ম্যাচেরই প্রচার পর্বে তাঁদের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত রূপ নেয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।