রেস্তরাঁয় আচমকা আগুন আতঙ্ক। দাউ দাউ করে জ্বলতে শুরু করল চারপাশ। আতঙ্কে রেস্তরাঁর দোতলা থেকে ঝাঁপ দিলেন সেখানে খেতে আসা লোকজন। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে ঘটনাটি ঘটেছে। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই রেস্তরাঁর রান্নাঘরে প্রথম আগুন লেগেছিল। রেস্তরাঁর কর্মীরা তড়িঘড়ি আগুন নেবানোর কাজে লেগে পড়েন। স্থানীয় থানায় এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। রান্নাঘর থেকে কী ভাবে আগুন লাগল, সে বিষয়ে তদন্ত করছে স্থানীয় থানার পুলিশ ও দমকল।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রেস্তরাঁর দোতলা থেকে অনর্গল কালো ধোঁয়া বেরিয়ে চলেছে। নীচে রাস্তায় লোকজনের ভিড় জমেছে। রেস্তরাঁটির দোতলায় বসে খাওয়ার জায়গা। সেখানে গ্রাহকেরা খেতে এসেছিলেন। রেস্তোরাঁয় আগুন লেগেছে দেখে প্রাণ বাঁচানোর তাগিদে তাঁরা দোতলার জানলা থেকে ঝাঁপ মারছেন। নীচে দাঁড়িয়ে থাকা লোকজন তাঁদেরকে সাহস জোগাচ্ছেন। এক তরুণী প্রথমে ঝাঁপ দিলেন। তাঁকে কার্যত লুফে নেয় রাস্তায় দাঁড়িয়ে থাকা জনগণের ভিড়। তার পর এক এক করে এক জন তরুণ এবং দু’জন তরুণী ঝাঁপ দিলেন। তাঁদেরকেও মানুষের ভিড় ধরে নিল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি নেটপাড়ায় আতঙ্ক সৃষ্টি করেছে।