জঙ্গল থেকে বেরিয়ে এল বুনো হাতি। উঠল ব্যস্ত রাস্তায়। সেই রাস্তায় গাড়ির আনাগোনা লেগেই ছিল। হাতিটির আকস্মিক আবির্ভাবে গাড়িগুলি সারি ধরে দাঁড়িয়ে পড়ল। এগোনোর সাহস দেখাল না। হাতিটি এগিয়ে গিয়ে একটি গাড়ির উপর সামনের পা তুলে দিল। তার পর? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি তামিলনাড়ুর আসানুরে চামারাজানগর সীমানার কাছে ঘটেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝ দিয়ে ছুটে চলা সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি চারচাকা। জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটি হাতি। গজের আগমন দেখে গাড়িগুলি নড়াচড়া করছে না। হাতিটি এগিয়ে এসে গাড়িটির উপর পা রাখল। সেটির লুকিং গ্লাসে শুঁড় ডলতে ডলতে সামনে পা গাড়ির উপর তুলে দিল গজানন। লুকিং গ্লাসটি ভেঙে গেল। পায়ের ভারে গাড়িটিও এক দিকে হেলে গেল। কিন্তু ভিতরে থাকা লোকজন টুঁ শব্দটি করলেন না। হয়তো খাবারের সন্ধানেই সেটি গাড়ির দিকে তেড়ে গেল। কিন্তু খানিক পরেই বুঝতে পারল যে এ ভাবে খাবার পাওয়া যাবে না। তাই গজটি গাড়ির কাছ থেকে সরে গেল। হাঁটা দিল জঙ্গলের পথে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘এবিপিনিউজ়টিভি’ সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে সেটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা হাতিটির কাণ্ড দেখে আতঙ্কিত। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আমি চালকের জায়গায় থাকলে আতঙ্কেই মরে যেতাম!’’