চলন্ত ট্রেনে জানলার পাশে বসা যাত্রীর থেকে মোবাইল চুরি করতে গিয়েছিলেন তরুণ। কিন্তু, যাত্রীদের তৎপরতায় নিজেই পড়লেন ফ্যাসাদে। মোবাইল চুরিতে সফল তো হলেনই না, উল্টে যাত্রীরাই তরুণকে বেশ অনেকটা পথ ট্রেনের জানলায় ঝুলিয়ে নিয়ে গেলেন! তার পর ফেলে দিলেন প্ল্যাটফর্মের উপর। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার শিবনারায়নপুর রেল স্টেশনে ঘটেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে ট্রেন। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ছে। এদিকে, চলন্ত ট্রেনের একটি জানলা থেকে ঝুলে রয়েছেন এক তরুণ! ভিতরে বসে থাকা যাত্রীরা তরুণের হাত ধরে তাঁকে ঝুলিয়ে রেখেছেন। কারণ, তরুণ নাকি সেই জানলা দিয়েই মোবাইল চুরির জন্য হাত বাড়িয়েছিলেন। কিন্তু, যাত্রীরা তরুণকে ধরে ফেলেন এবং উপায় না থাকায় চলন্ত ট্রেনের জানলা থেকে ঝুলিয়ে রেখে দেন। তরুণের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি যাত্রীদের কাছে অনুরোধ করে চলেছেন যাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তরুণের অনুরোধ কানে তোলা হল না। ভিতর থেকে এক যাত্রীকে বলতে শোনা গেল, তরুণকে যেন না ছাড়া হয়। এর পর প্ল্যাটফর্মে তরুণের পা ঠেকে গেল। তিনি ট্রেনের গতির সঙ্গে তাল মিলিয়ে দৌড়ে চলার চেষ্টা করলেন। এমন সময় যাত্রীরা তরুণের হাত ছেড়ে দিলেন। তরুণ প্ল্যাটফর্মের উপর মুখ থুবড়ে পড়ে গেলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘একাদাম২৬০৭৭২’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বেশ হয়েছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণকে পুলিশে দিলেই পারতেন।’’