রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে টোটো। এক যাত্রীকে নিয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। এমন সময় টোটোর সামনে লাফিয়ে পড়ল একটি বাঁদর। বাঁদরের কীর্তিতে যাত্রী-সহ টোটোটি উল্টে পড়ল রাস্তায়। দুর্ঘটনার সেই ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মধ্যপ্রদেশের ছতরপুর জেলার লবকুশ এলাকায় ঘটেছে। সোমবার দুপুর নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি। এই ঘটনায় টোটোচালক এবং এক যাত্রী আহত হয়েছেন। চালক বিশেষ জখম না হলেও, টোটোয় থাকা যাত্রী গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুপুরের ফাঁকা রাস্তা। মাঝেমধ্যে ছুটে যাচ্ছে একটি কি দু’টি বাইক। সেই রাস্তা ধরে এক যাত্রীকে নিয়ে এগিয়ে আসছে একটি টোটো। রাস্তার ধারে হঠাৎ করে উদয় হল একটি বাঁদর। প্রাণীটির কী মনে হল, সেটি রাস্তার দিকে দৌড়তে লাগল। লাফিয়ে এসে পড়ল চলন্ত টোটোর সামনে। টোটচালক বাঁদরটিকে বাঁচানোর জন্য তড়িঘড়ি ব্রেক কষলেন। ঘটল বিপত্তি। যাত্রী সমেত রাস্তার উপর উল্টে পড়ে গেল টোটোটি। বাঁদর ততক্ষণে লাফিয়ে অন্য দিকে চলে গেল। স্থানীয়েরা হকচকিয়ে গেলেন। ছুটে এলেন টোটোটিকে তোলার জন্য।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘খবরএক্সপ্রেস৭৮৬’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাঁদরটির জন্যই টোটোটি উল্টে গেল।’’