খেলার ছলে বিপত্তি। রান্নাঘরে বসে খেলছিল খুদে। বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। সেই কারণে একরত্তির উপর নজর রাখার কেউ ছিলেন না। সে নিজের মনে খেলছিল। সেই সময়েই ঘনায় বিপদ। খুদেটি খেলার ছলে একটি স্টিলের পাত্রে নিজের মাথা ঢুকিয়ে দেয়। কিন্তু, মাথা বের করতে পারে না। ফলে, সে ভাবেই তার মাথা আটকে থাকে ওই পাত্রের ভিতর। তার পর কী হয়? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি সোমবার রাত দেড়টা নাগাদ সুরাটে ঘটেছে। প্রথমে বাড়ির লোক একরত্তির মাথা থেকে পাত্রটি খোলার চেষ্টা করেন। কিন্তু, তাতে হিতে বিপরীত হয়, টানাটানির চোটে বাচ্চাটির মাথা ফুলে যায়। ফলত, পাত্রটি বার করে আনা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। এর পর শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানেও লাভের লাভ হয় না। সব শেষে দমকল বিভাগে খবর দেওয়া হয়। সেখান থেকে কর্মীরা এসে বাচ্চাটিকে মুক্ত করেন। বাচ্চাটি বর্তমানে সুস্থ রয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাথায় স্টিলের পাত্র আটকানো অবস্থায় একটি শিশু এক ব্যক্তির কোলে শুয়ে রয়েছে। ব্যক্তির হাতে স্টিল কাটার যন্ত্র। তিনি সেটি নিয়ে অত্যন্ত সাবধানে পাত্রটি কাটছেন। অপর এক ব্যক্তিকেও পাত্রটি শক্ত হাতে ধরে রাখতে দেখা গিয়েছে। যাতে খুদে কোনও রকম চোট না পায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। আশপাশে মানুষজনকে ভিড় করে সেই ঘটনা চাক্ষুষ করতেও দেখা যায়।
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন ‘‘কী অবস্থা!’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাচ্চাদের সর্বদা নজরে রাখা উচিত।’’