পেটের দায়ে ভিটেমাটি ছেড়ে বিদেশে থাকেন। সেখানেই ট্রাক চালান। ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে গত দু’বছর ধরে বন্ধুদের সঙ্গে তিনিও একের পর এক লটারি কাটছিলেন। অবশেষে পেলেন ধনদেবীর কৃপা। লটারি জিতেই হলেন কোটিপতি! রাতারাতি বদলে গেল ভাগ্য। সেই ঘটনার খবর সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। বিদেশের মাটিতে একজন ভারতীয়ের লটারি প্রাপ্তির খবর নেটাগরিকদের মনে আনন্দের অনুভূতি জাগিয়েছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তির নাম কুলবন্ত সিংহ। তিনি আদতে পঞ্জাবের বাসিন্দা। গত আঠারো বছর ধরে দুবাইয়ে থাকেন ৫৩ বছর বয়সি কুলবন্ত। সেখানে ট্রাকচালক হিসাবে দিন গুজরান করেন। গত দু’বছর ধরে কয়েক জন বন্ধুর সঙ্গে লটারি কাটছেন কুলবন্ত। কিন্তু, এর আগে এক বারও জয়ের স্বাদ পাওয়ার সৌভাগ্য হয়নি তাঁর। অবশেষে এ বছরের অক্টোবরে এসে জীবনে প্রথম লটারি জিতলেন তিনি।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুলবন্ত জানান, ভারতীয় মুদ্রায় তিনি প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা জিতেছেন। সেই অর্থ তিনি তাঁর বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানিয়েছেন। লটারিতে জেতা টাকা দিয়ে কুলবন্ত কী করবেন, তা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সেই টাকা দিয়ে কোনওরকম শখ পূরণ করবেন না। সেই টাকা কুলবন্ত কোনও খাতেও বিনিয়োগ করবেন না। নিজের ভাগের পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন কুলবন্ত। পরিবারের উন্নতিসাধনে সেই টাকা ব্যবহার করার কথা জানান কুলবন্ত। এর পাশাপাশি কুলবন্ত এবং তাঁর বন্ধুরা ভবিষ্যতেও লটারি খেলে ভাগ্য যাচাই করা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।