মাস দেড়েকের মধ্যেই ফের হড়পা বানে বিধ্বস্ত নেপাল। গত কাল নেপালের গোরখা জেলায় আচমকা নেমে আসা নদীর জলের স্রোতে ভেসে গিয়েছে সেতু-রাস্তা। সেই ঘটনায় নিখোঁজ ছিলেন মোট ১৮ জন। আজ সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, তাঁদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও খোঁজ নেই অন্তত পাঁচ জনের।
আজ সকাল থেকেই নিখোঁজ বাসিন্দাদের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী। কিন্তু রাত পর্যন্ত এই পাঁচ জনের খোঁজ মেলেনি। সেনা জানিয়েছে, গত কালই চুমনুবরি গ্রামীণ পুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট ৯৫ জনকে।
হড়পা বানে নতুন করে বিধ্বস্ত বহু ঘর-বাড়ি। উংলিউং নদীর কাছে ধৌলিভীর এলাকায় গত রাতে তিন জন ধসে আটকে পড়েন। তাঁদের হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। ধসে যে সব এলাকার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত, সেখানকার বাসিন্দাদের ম্যাট্রেস, কম্বল, স্লিপিং ব্যাগ, তাঁবু, শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করছে উদ্ধারকারী দল।