দেবীপক্ষের সূচনা হতে না হতেই কলকাতার মণ্ডপগুলিতে উপচে পড়ছে ভিড়। কিন্তু যাঁরা কলকাতার বাইরে থাকেন কিংবা কলকাতায় প্রথম বার ঠাকুর দেখতে আসছেন তাঁরা ভয় পাচ্ছেন? ভাবছেন কোনদিক থেকে ঠাকুর দেখা শুরু করবেন কোথায় শেষ করবেন? কোন মেট্রো স্টেশনে নামলে ঠাকুর দেখতে সুবিধা? রইল তালিকা। প্রথমেই বেছে নেওয়া যাক দমদম। এ রাজ্যের অন্যতম ব্যস্ত জংশন এটি। উত্তর ও দক্ষিণের শহরতলি থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমান এখানেই। মেট্রো ও ট্রেনের সুবিধের জন্য অনেকের কাছে এ জায়গাই যোগাযোগের অন্যতম মাধ্যম। দমদম মেট্রো স্টেশন বা দমদম জংশন রেলওয়ে স্টেশনে নেমে কী কী ঠাকুর দেখতে পারেন? রইল সেই তালিকাই।
১. পাইকপাড়া ১৫ পল্লি/ টালা পনেরো পল্লী:
১৯৪১ সালে এই পুজো শুরু হয়। দমদম স্টেশন থেকে ৮৫০ মিটার দূরে এই মণ্ডপ। দমদম স্টেশন থেকে পায়ে হেঁটে, অটো বা রিক্সা ধরে পৌঁছনো যাবে এই মণ্ডপে।
২. দমদম পার্ক সর্বজনীন :
এই পুজো মণ্ডপের এবারের বিষয় 'পঞ্চালিকা '। মূলত পুতুলের প্রকারভেদ নিয়েই এই মণ্ডপ সেজে উঠেছে। দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী যে কোনও অটো বা বাসে করে নাগেরবাজার নামুন এবং সেখান থেকে শ্যামনগরগামী (দমদম পার্ক সংলগ্ন শ্যামনগর) একটা অটো ধরে দমদম পার্ক মোড়ে নামলেই পাওয়া যাবে এই মণ্ডপ। তাছাড়াও দমদম থেকে করুণাময়ী যাওয়ার বাসে করেও নামতে পারেন দমদম পার্ক মোড়ে।
৩. দমদম পার্ক ভারতচক্র :
দমদম পার্ক ভারতচক্র মণ্ডপটির এই বারের বিষয়বস্তু 'বঙ্গের রথ কথা'। এ বছর এই পুজো ২৬ বছরে পদার্পণ করল। দমদম স্টেশন থেকে সরাসরি অটো যায় দমদম পার্ক ভারতচক্র মণ্ডপ অবধি। দমদম স্টেশন থেকে ১০ মিনিটের রাস্তা, তবে পুজোর সময় সামান্য যানজটের কারণে সময় বেশি লাগতে পারে।
৪. দমদম পার্ক তরুণ সংঘ:
দমদম পার্ক তরুণ সংঘের মন্ডপ সজ্জার এ বছরের বিষয়বস্তু 'বেনিয়া কথা'। বাঙালি জাতির সঙ্গে ব্যবসার যে প্রাচীন ঐতিহ্য সেই ঐতিহ্যকেই মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছে দমদম পার্ক তরুণ সংঘ। দমদম স্টেশন থেকে অটো ধরে প্রথমে নাগেরবাজার মোড়ে আসুন। সেখান থেকে ভিআইপি রোডমুখী (বাগুইআটি/এয়ারপোর্ট রুট) অটোয় উঠে নামুন দমদম পার্ক বাস স্টপে। মনে রাখবেন, পুজোর সময় ভিআইপি রোড ও দমদম পার্কের ভেতরে যান চলাচল নিয়ন্ত্রণ থাকে তাই ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে অসুবিধায় পড়তে পারেন।
৫. দমদম পার্ক যুবকবৃন্দ:
দমদম পার্ক যুবক বৃন্দের এ বছরের বিষয়বস্তু ' কালান্তর '। মূলত মানব জীবনের বিবর্তনের ইতিহাস ফুটে উঠেছে এই মণ্ডপের মধ্য দিয়ে। দমদম স্টেশন থেকে নাগেরবাজার বা বেলগাছিয়া হয়ে যে কোনও ভিআইপি রোডগামী বাসে উঠে দমদম পার্ক বাস স্টপেজ-এ নামতে হবে। সেখান থেকে ফুটব্রিজ পেরিয়েই যাওয়া যায় এই পুজোয়। এ ছাড়াও নাগেরবাজার থেকে ভিআইপি যাওয়ার যে কোনও অটোতে নামুন দমদম পার্ক স্টপেজে। পায়ে হেঁটে পৌঁছতে সময় লাগে দশ মিনিট। বরাত ভাল থাকলে টোটো বা রিক্সাও মিলতে পারে।
৬. দমদম পার্ক তরুণ দল:
দমদম পার্ক তরুণ দলের এ বছরের নিবেদন ' জোট '। সকলকে একত্রিত হয়ে থাকার বার্তাই দিচ্ছে এই মণ্ডপ। দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী যেকোনও অটো বা বাসে করে নাগেরবাজার নামুন এবং সেখান থেকে শ্যামনগরগামী একটা অটো ধরে পৌঁছে যান এই মণ্ডপে। তাছাড়াও দমদম থেকে করুণাময়ী যাওয়ার বাসে করেও যেতে পারেন। বাস স্টপ থেকে ফুটব্রিজ পেরিয়ে ভেতরে শ্যামনগর রোডের দিকে এগোলেই তরুণ দলের পুজো।
তাহলে আর চিন্তা কীসের? দমদম চত্বরে ঠাকুর দেখতে গিয়ে আর পড়তে হবে না অসুবিধেয়।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ