পুজোর আর বাকি নেই এক সপ্তাহ, এরই মধ্যে চোখের তলায় কালি পড়েছে? শাড়ি, জামা, গয়না কেনা হয়েছে অথচ এই সমস্যায় জেরবার? ঘরোয়া উপায় মিলবে সুফল। কী করবেন?
১. ফ্রিজে রাখা শসার টুকরো চোখের ওপর দিয়ে চোখটা বন্ধ করে ১৫-২০ মিনিট রাখলে অনেকটা উপকার পাওয়া যেতে পারে। তবে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। একদিনেই ফল মিলবে না। চোখ খুবই সংবেদনশীল জায়গা। তাই ব্যবহার করার আগে শশা ভাল করে পরিষ্কার করতে ভুলবেন না।
২. একটি ব্যবহার করা গ্রিন টি ব্যাগ ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নিন এবং ১০-১৫ মিনিট চোখের ওপর রাখুন। গ্রিন টি ব্যাগে থাকা ক্যাফেইন রক্তনালী সংকুচিত করতে সাহায্য করে। ফলে কালো দাগ দূর হয়।
৩. আলুর রস তুলোয় নিয়ে চোখের তলায় লাগান। আলুর প্রাকৃতিক গুণ কালো দাগ দূর করতে সাহায্য করে। তবে এই প্রক্রিয়া করার আগে করে ফেলুন 'প্যাচ টেস্ট' অর্থাৎ সামান্য রস আগে হাতে লাগান। চামড়ায় অস্বস্তি বা বিক্রিয়া হচ্ছে কিনা দেখুন। যদি না হয় তবেই ব্যবহার করুন।
৪. আমন্ড তেল রাতের বেলায় আঙ্গুলের ডগায় সামান্য নিয়ে চোখের তলায় আলতো করে ঘষে নিন। এতে দাগ অনেকটা দূর হতে পারে। এ ক্ষেত্রেও প্যাচ পরীক্ষার কথা মাথায় রাখতে হবে।
৫. এক টুকরো বরফ বড় কাপড়ে বেঁধে হালকা করে চোখের তলায় দিলে দাগ অনেকটা কমার সম্ভাবনা থাকে।
এছাড়াও চোখের তলায় কালি কমাতে চাইলে জীবনযাত্রার সামান্য পরিবর্তন প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, পর্যাপ্ত সময় ঘুমনো, অত্যধিক চাপ না নেওয়া, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া এবং রোদে বেরোলে অবশ্যই রোদচশমা ব্যবহার করা প্রয়োজনীয়। অনেক সময় শারীরিক সমস্যার কারণেও চোখের তলায় পড়তে পারে দাগ। সে ক্ষেত্রে এই ঘরোয়া টোটকা সাময়িক রেহাই দিলেও ভিতর থেকে আপনাকে সুস্থ করার ক্ষমতা রাখে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।