পুজোর ক'টা দিন মানেই চুটিয়ে ছবি তোলার পালা। উৎসবের আবহে কার নিজস্বী বেশি ভাল, আর কে একটু পিছিয়ে পড়ছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতেই থাকে। কিন্তু ধরুন, আলো ঝলমলে পুজো মণ্ডপে ছবি তুলতে গিয়ে দেখলেন নিজের মুখেই অন্ধকার, মন তো খারাপ হবেই। দামি ক্যামেরা না থাকলেও এবার আর চিন্তা নেই, ফোনের বেশ কিছু সহজ কৌশলেই হবে কেল্লাফতে। সেরা নিজস্বীর তকমা জুটবে আপনার নামের পাশেই। শুধু মেনে চলতে হবে কয়েকটি সাধারণ কৌশল।
নাইট মোডেই বাজিমাত
কম আলোয় সুন্দর ছবি তোলার জন্য প্রথম ভরসা ফোনের 'নাইট মোড' ফিচার। বেশিরভাগ ফোনেই আলোর অবস্থান উপলব্ধি করে তা নিজে থেকেই চালু হয়ে যায়। তবে সে ক্ষেত্রেও মানতে হবে বেশ কিছু শর্ত। এই মোডে ছবি তোলার সময় বোতাম টিপেই ফোন সরিয়ে নিলে ছবি ঝাপসা হওয়ার সম্ভাবনা থাকে। তাই অপেক্ষা করতে হবে।
আলোই ভাল
মণ্ডপের বাহারি আলো মুখে পড়লেই যে মুখ উজ্জ্বল দেখাবে তা কিন্তু নয়। বরং অনেক ক্ষেত্রেই আলোর পরিমাণ সামাল দিতে গিয়ে মুখেই ভিড় করতে পারে অন্ধকার। তাই হালকা আলো পড়ছে এমন জায়গায় দাঁড়ান। এতে মুখ আর পিছনের আলোর মধ্যে সামঞ্জস্য থাকবে। ছবি ভাল আসবে।
ফ্ল্যাশ মানেই ভাল নয়!
অনেক ক্ষেত্রেই ভ্রান্ত ধারণা থাক যে রাত্রিবেলায় ফ্ল্যাশ জ্বেলে ছবি তুললেই বোধহয় ছবি ভাল আসে। তা একেবারেই নয়। বরং মণ্ডপে খুব কাছ থেকে মুখের ছবি তুললে মুখ অতিরিক্ত উজ্জ্বল হয়ে যেতে পারে। পিক্সেলের ক্ষেত্রে ফ্ল্যাশ চালু থাকলে স্বয়ংক্রিয় নাইট মোড কাজ করে না। আইফনেও ফ্ল্যাশ চালু হলে নাইট মোড নিষ্ক্রিয় হয়ে যায়। তাই ফ্ল্যাশের ব্যবহার নিয়েও সচেতন থাকুন।
লেন্স পরিচ্ছন্ন করা জরুরি
মোবাইল নিয়ে দিনরাত ঘোরাঘুরি করার ফলে, লেন্সও ধুলো-ময়লা পড়ে। বিষয়টি নিয়ে চট করে অনেকেই মাথা ঘামান না ঠিকই। তবে নোংরা লেন্স কায়দা করে তোলা ছবির সৌন্দর্যও নষ্ট করতে পারে। ছবি ঝাপসা হতে পারে। লেন্সে ময়লা লেগে থাকলে দাগও হতে পারে। মাথায় রাখতে হবে এই বিষয়টিও।
অতিরিক্ত জ়ুম নয়
দূরের বিষয়বস্তুর ছবি তোলার জন্য যে কেউ জ়ুম করে থাকেন। এর কাজ হল দূরের জিনিস কাছে আনা। কিন্তু তা করলে ছবি ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। ছবি খুব বেশি স্পষ্টও হয় না এতে। ছবি তোলার সময় বিষয়বস্তুর যতটা কাছে যাওয়া সম্ভব হবে, ততটা কাছে গেলে বেশি ভাল ছবি উঠবে। কাছে যাওয়া সম্ভব না হলে ক্রপ করতে পারেন ছবি তুলে নেওয়ার পর।
মাপের কথা মাথায় থাক
ফোনে পুজোর ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ মাপ ৪:৩। মূর্তি বা মণ্ডপের ছবি তোলার জন্য তা বেশ উপকারী। ইনস্টাগ্রামের বর্গাকার ছবির জন্য ব্যবহার করুন ১:১। মন যদি মজে থাকে রিলস বা স্টোরিতে, সে ক্ষেত্রে ৯:১৬ মাপই সবচেয়ে ভাল বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
তাহলে আর চিন্তা কীসের? প্রিয় মানুষকে সঙ্গে নিয়েই এই পুজোয় চুটিয়ে ছবি তুলুন। তবে ছবি তোলার মাঝে মনের ক্যামেরায় বিশেষ মুহূর্তগুলি বন্দী করতে ভুলবেন না যেন!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।