দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) প্রতিষ্ঠানে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে ভর্তির জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)। সেই পরীক্ষারই আবেদনমূল্য বৃদ্ধি করা হল। গত ১১ বছরে ক্যাটের আবেদন ফি বৃদ্ধি হল প্রায় ৬৯ শতাংশ।
গত ২০২৪-এ অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছিল যথাক্রমে ২,৫০০ এবং ১,২৫০ টাকা। ২০২৫-এ তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২,৬০০ টাকা এবং ১,৩০০ টাকা। ২০২৬-এ ফের একবার ফি বৃদ্ধি করা হয়েছে। তবে, এ বার অসংরক্ষিত প্রার্থীদের জন্য ফি বৃদ্ধি করা হয়নি। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা বৃদ্ধি হয়ে আবেদনমূল্য ২৭০০ টাকা করা হয়েছে।
যদিও আইআইএম ইনদওরের অধিকর্তা হিমাংশু রায় জানিয়েছেন, মূল্যবৃদ্ধি, পরীক্ষা পরিচালনার অপারেটিং খরচ এবং পরিকাঠামো উন্নয়নের কারণেই সামান্য এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও জানান, ২০১৫ সালে ক্যাটের ফি ছিল ১,৬০০ টাকা, যা ২০২৬-এ বৃদ্ধি হয়ে হল ২,৭০০ টাকা। তবে বার্ষিক হিসাবে এ বছর ফি বৃদ্ধির হার মাত্র ৩.৮৫ শতাংশ, যা ২০১৬ সালের ফি বৃদ্ধির হারের (৬.২৫%) চেয়ে অনেকটাই কম।
প্রযুক্তি ও নিরাপত্তা পরীক্ষায় স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে এ বছর বিশেষ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আইআইএম ইনদওরের অধিকর্তা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নজরদারি এবং পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ও ডিজিটাল ভেরিফিকেশনের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:
২০২৬-এর ক্যাটের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৪ নভেম্বর থেকে। পরীক্ষা হবে ২৯ নভেম্বর। এ বছর প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী আবেদন করতে পারেন বলে আশা করা হচ্ছে। যদিও, প্রশ্নের ধরনে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানানো হয়েছে। পরীক্ষার প্রতিটি সেকশনের জন্য ৪০ মিনিট করে সময় বরাদ্দ থাকবে। প্রায় ৭০ শতাংশ প্রশ্ন থাকবে বহু বিকল্পভিত্তিক (এমসিকিউ) এবং ৩০ শতাংশ উত্তর টাইপ করতে হবে (টিআইটিএ)। এমসিকিউ প্রশ্নে ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। আবেদনকারীদের সংখ্যার উপর ভিত্তি করে পরীক্ষাকেন্দ্র এবং কেন্দ্রের শহরের সংখ্যায় সামান্য কিছু পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আইআইএম কর্তৃপক্ষ।